রনে গেনো হলেন ফরাসি বংশদ্ভূত একজন লেখক ও সুফি দীক্ষাগুরু। তিনি প্রধানত দার্শনিক। আধ্যাত্মিক ঐতিহ্যের পুনর্মূল্যায়নের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি ট্রাডিশনালিস্ট স্কুল বা চিরন্তন আধ্যাত্মিক সত্যের ধারার অন্যতম প্রধান চিন্তাবিদ। আধুনিক পাশ্চাত্য সভ্যতার একজন কঠোর সমালোচক। ইসলাম ধর্মের উপর পড়াশোনা করতে গিয়ে ইসলামকে গভীরভাবে ভালোবেসে ফেলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি শেখ আব্দুল ওয়াহিদ ইয়াহিয়া নামেও পরিচিতি লাভ করেন।
রনে গেনো জন্মেছেন ফ্রান্সের একটি রোমান ক্যাথলিক পরিবারে। ১৯০৪ সালের দিকে প্যারিসে অধ্যয়নকালে আধ্যাত্মবাদ ও দর্শনশাস্ত্রে তার আগ্রহ সৃষ্টি হয়। ক্ষীণদেহী গেনো শুরু হতেই একজন মেধাবী ছাত্র ও আধ্যাত্মবাদী ব্যক্তি হিসাবে গড়ে উঠেন। তিনি তাও প্যালিনডিনিয়াস নামে একটি সাময়িকীর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিসাবে আত্ম প্রকাশ করেন এবং ১৯২২ সাল পর্যন্ত এ সাময়িকীর জন্য নিবন্ধ রচনা করেন। এ সময়কালে সম্ভবত, তিনি হিন্দু ধর্মে বিশেষত শংকরাচার্যের আধ্যাত্মবাদী ধারা এবং তাওবাদ বা জৈন বৌদ্ধবাদী মতবাদ সম্পর্কে জ্ঞানার্জন করেন। অতঃপর ১৯১০ খ্রিষ্টাব্দে ইসলামিক সুফিবাদ বা আধ্যাত্মবাদের দীক্ষা গ্রহণ করে নিজের নাম বদলে ফেলেন।
১৯৩০ সালে, ইসলামিক আধ্যাত্মিক নথিপত্র সংগ্রহ ও অনুবাদ করার সংকল্প নিয়ে কায়রোর উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করেন। আর্থিক দৈন্যদশাগ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি বিশ্বব্যাপী তার মতাদর্শের পক্ষ ও প্রতিপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং নিজের প্রবন্ধ রচনার কাজে লিপ্ত থাকেন। সৌভাগ্যক্রমে এর মধ্যে তিনি হামিদিয়া তরীকার পীর শেখ সালামা হাসান আল রাদির সাক্ষাৎ লাভ করেন এবং তার সাথে যুক্ত হন। ১৯৩৮ সালে তার মৃত্যুকাল পর্যন্ত তিনি তার সাহচর্যে থাকেন। এদিকে সমসাময়িক কালে আর এক সুফি সাধক শেখ মোহাম্মদ ইব্রাহিমের সংস্পর্শে আসেন তিনি; ১৯৩৪ সালে গেনো তার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিশরে যাপিত জীবনে গেনো অত্যন্ত সাদাসিধা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। তিনি ছিলেন তার তরীকার আধ্যাত্মিক সাধনা ও প্রবন্ধ রচনায় উৎসর্গিত প্রাণ। তিনি ১৯৪৯ সালে মিশরের নাগরিকত্ব লাভ করেন। বন্ধু ও অনুগামীদের বারংবার অনুরোধে অবশেষে তিনি ফ্রান্সে একটি আধ্যাত্ম চর্চাকেন্দ্র বা খানকাহ স্থাপনে সম্মত হন। নিজেরই একটি বইয়ের নামানুসারে তার প্রতিষ্ঠিত খানকাহ লা গ্রান্ড ট্রাইডি স্থাপিত হওয়ার কয়েক বছর পর প্রতিষ্ঠাকালীন সহযোগিরা পৃথক হয়ে গেলেও গ্রান্ড লজ ডি ফ্রান্স নামে তা আজও পরিচালিত হচ্ছে। রেনে গেনো ১৯৫১ সালের জানুয়ারিতে কায়রোতে মৃত্যুবরণ করেন। জনশ্রুতি আছে, মৃত্যুকালে তার শেষ উচ্চারিত শব্দ ছিল ‘আল্লাহ’।
রনে গেনো’র ট্রাডিশনালিজম তত্ত্বের মূল বক্তব্য বোঝার আগে ট্রাডিশনালিজম বিষয়টা কী তা জেনে নেওয়া যাক। ট্রাডিশনালিজম হলো একটি দার্শনিক, সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি যা অতীতের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় বা সামাজিক রীতিনীতি এবং প্রতিষ্ঠিত মূল্যবোধকে সংরক্ষণ ও গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নেয়। এটি আধুনিকতার বিরোধিতা করে এবং বিশ্বাস করে যে সমাজ ও মানবজীবনের জন্য শ্রেষ্ঠ জ্ঞান, পথনির্দেশনা ও সত্য অতীতেই নিহিত। ট্রাডিশনালিজমের মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা অর্থাৎ অতীতের ধর্ম, দর্শন, রীতিনীতি, পরিবারব্যবস্থা, সমাজব্যবস্থাকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা। অপরদিকে আধুনিকতার সমালোচনা করা, অর্থাৎ আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, ভোগবাদ, ব্যক্তি স্বাধীনতা কিংবা উদারনৈতিক মতবাদকে অনেক সময় অশুভ বা বিভ্রান্তিকর মনে করা। ট্রাডিশনালিজম বিশ্বাস করে, সামাজিক স্থিতি ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে হলে চিরায়ত ও পরীক্ষিত নীতিমালার উপর নির্ভর করা উচিত। ট্রাডিশনালিস্টরা মনে করে কিছু সত্য এবং মূল্যবোধ সর্বকালীন ও চিরন্তন। এগুলো সময়ের সঙ্গে বদলায় না।
ট্রাডিশনালিজমেরও প্রকারভেদ আছে। ধর্মীয় ট্রাডিশনালিজম, রাজনৈতিক ট্রাডিশনালিজম, দার্শনিক ট্রাডিশনালিজম। ধর্মীয় ট্রাডিশনালিজমে ধর্মীয় রীতিনীতি, শাস্ত্রীয় অনুশাসন ও আচারকে শুদ্ধতম ও অপরিবর্তনীয় বলে মনে করা হয়। যেমন ইসলামি ট্রাডিশনালিজম, হিন্দু ট্রাডিশনালিজম, খ্রিস্টীয় ট্রাডিশনালিজম ইত্যাদি। রাজনৈতিক ট্রাডিশনালিজমকে অনেক সময় রক্ষণশীল রাজনীতির সঙ্গেও মেলানো হয়। এতে সমাজে রাজতন্ত্র, পরিবার ব্যবস্থা, এবং ধর্মের ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দার্শনিক ট্রাডিশনালিজমে বিভিন্ন দার্শনিকরা একই ধারায় কাজ করেন। তারা আধুনিকতা ও বস্তুবাদকে নীচস্থ মনে করে একটি ‘আধ্যাত্মিক ঐতিহ্য’-র পুনরুত্থান কামনা করেন।
ইসলামি ট্রাডিশনালিজম হলো একটি চিন্তাধারা ও ধর্মীয় আন্দোলন যা ইসলামের মূল শিক্ষা ও ঐতিহ্যগত অনুশীলনকে অনুসরণ ও রক্ষা করার উপর জোর দেয়। এটি আধুনিকতা, সংস্কারবাদ বা রিফর্মিজম ও ধর্মীয় উদারতাবাদের বা লিবারেলিজমের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠেছে। ইসলামি ট্রাডিশনালিজম এমন একটি চিন্তাধারা যা কুরআন, সহিহ হাদীস, ইজমা এবং কিয়াস ভিত্তিক ঐতিহ্যগত ইসলামি ফিকহ ও আকীদাহর ধারাবাহিকতা ধরে রাখার পক্ষে। এটি সাধারণত চারটি মূল মাজহাব অর্থাৎ হানাফি, মালিকি, শাফি, হাম্বলি অনুসারীদের মাধ্যমে চর্চা করা হয়।
গেনো প্রথম জীবনে পাশ্চাত্যের গূঢ়তত্ত্ব বা অকাল্টিজম, থিওসফি এবং বিভিন্ন আধ্যাত্মিক ধারা নিয়ে গবেষণা করেন। কিন্তু পরে তিনি এগুলোকে ‘অপভ্রংশ’ বা ‘ভ্রান্ত আধ্যাত্মিকতা’ হিসেবে সমালোচনা করেন এবং প্রকৃত ঐতিহ্যবাহী ধর্মীয় জ্ঞান বা ট্রাডিশনের দিকে ফিরে যান। তার গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে: ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অভ দি হিন্দু ডকট্রিনস; দি ক্রাইসিস অভ দি মডার্ন ওয়ার্লড; দ্য রেইন অভ কোয়ান্টিতি অ্যান্ড দ্য সাইনস অভ দ্য টাইমস ইত্যাদি।
গেনোর মূল ধারণা ছিল—সত্যিকারের জ্ঞান বা মেটাফিজিকাল ট্রুথ এক এবং তা বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মাধ্যমে প্রকাশিত হয়। আধুনিক পাশ্চাত্য সভ্যতা এই আধ্যাত্মিক জ্ঞান থেকে বিচ্যুত হয়ে গেছে। বিজ্ঞান ও বস্তুবাদ মানুষের অস্তিত্বকে সংকুচিত করেছে। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মানুষকে অবশ্যই একটি প্রামাণিক ধর্মীয় ঐতিহ্যের ভিতরে প্রবেশ করতে হবে।
ইসলাম সম্পর্কে গেনোর দৃষ্টিভঙ্গি দেখা যাক। গেনোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল ইসলাম গ্রহণ। তিনি মনে করতেন ইসলাম একটি সম্পূর্ণ ও জীবন্ত আধ্যাত্মিক ঐতিহ্য যা এখনো তার মৌলিক রূপ ধরে রেখেছে। তিনি মনে করেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ট্রাডিশন। গেনোর মতে—ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং একটি সম্পূর্ণ আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা। এতে রয়েছে: শরীয়াহ (বাহ্যিক বিধান); তরীকাহ (আধ্যাত্মিক পথ); হাকিকাহ (চূড়ান্ত সত্য); তিনি বলতেন, এই তিন স্তরের সমন্বয় ইসলামকে অন্য অনেক ধর্মীয় ঐতিহ্যের তুলনায় জীবন্ত ও কার্যকর রাখে। গেনো বিশেষভাবে আকৃষ্ট হন ইসলামি সুফিবাদের প্রতি। তিনি মনে করতেন—সূফিবাদই ইসলামের অন্তর্নিহিত আধ্যাত্মিক দিক; এটি মানুষের সরাসরি সত্য উপলব্ধির পথ। তিনি নিজেও একটি সুফি তরীকায় অন্তর্ভুক্ত হন; ধারণা করা হয়, সেটি ছিল শাধিলি তরীকা।
অপরদিকে গেনো মনে করতেন—আধুনিক পশ্চিমা সমাজ আধ্যাত্মিকভাবে শূন্য হয়ে গেছে। ইসলাম এই শূন্যতা পূরণ করতে পারে। কারণ, ইসলাম এখনো তার মূল শিক্ষাকে বিকৃত হতে দেয়নি। এর আধ্যাত্মিক পথ (বিশেষত সুফিবাদ) জীবন্ত।
এছাড়া, গেনো বিশ্বাস করতেন একটি “চিরন্তন সত্য” রয়েছে, যা সব সত্য ধর্মের মধ্যে বিদ্যমান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তিনি বলেননি সব ধর্মই এক বা সব পথ সমান; বরং বলেছেন, প্রতিটি ধর্মের নিজস্ব কাঠামোর ভেতরে থেকেই সত্যে পৌঁছাতে হয়; তার কাছে ইসলাম ছিল সেই পথগুলোর একটি—যা তিনি নিজে বেছে নিয়েছিলেন। এছাড়া, গেনো ইসলামকে প্রশংসা করেন—এর যুক্তিবোধ ও শৃঙ্খলার জন্য; এর স্পষ্ট ধর্মীয় কাঠামোর জন্য; এর ঐক্যবদ্ধ জীবনব্যবস্থার জন্য; তিনি মনে করতেন, ইসলাম ‘বিশৃঙ্খল আধ্যাত্মিকতার’ বিপরীতে একটি সুশৃঙ্খল পথ। গেনো জীবনের শেষভাগে কায়রোতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি মুসলিম সমাজের অংশ হয়ে যান, আরবি ভাষা শিখেন এবং ইসলামী জীবনধারা অনুসরণ করেন।
গেনোর চিন্তাধারা নিয়ে কিছু সমালোচনাও আছে—কেউ কেউ বলেন তিনি ইসলামকে অতিরিক্ত ‘দার্শনিকভাবে’ ব্যাখ্যা করেছেন; আবার কেউ মনে করেন তিনি পশ্চিমা সংকটকে অতিরঞ্জিত করেছেন। ট্রাডিশনালিজম নিয়েও বিতর্ক রয়েছে। তবে, রনে গেনো এমন একজন চিন্তাবিদ যিনি—আধুনিকতার সংকটকে চিহ্নিত করেছেন; আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেছেন এবং ব্যক্তিগতভাবে ইসলামকে একটি সত্য ও কার্যকর পথ হিসেবে গ্রহণ করেছেন; তার কাছে ইসলাম শুধু বিশ্বাস নয়, বরং একটি জীবন্ত, পূর্ণাঙ্গ এবং আধ্যাত্মিকভাবে গভীর বাস্তব একটি ধর্ম।