জ্ঞান থেকে রূপান্তর : গাজালির ইজতিহাদি এপিস্টেমোলজি

আনাস ইসলাম

জ্ঞানসম্পর্কিত কাজকর্ম আদতে গভীর মনোযোগ, দীর্ঘস্থায়ী ডিপওয়ার্ক এবং বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলার দাবি করে। অথচ সমসাময়িক বাস্তবতায় বই লেখা, দ্রুত প্রকাশনা, কিংবা নানা জায়গায় জ্ঞানগর্ভ আলাপে অংশ নেওয়া—সবই এখন প্রায় যান্ত্রিকভাবে সম্ভব হয়ে উঠেছে। বাহ্যিক তৎপরতা বেড়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়: এই বিপুল কর্মযজ্ঞের ভেতর সত্যিকারের নতুন কী যুক্ত হচ্ছে? কোথায় সেই মৌলিক চেতনা, কোথায় যুগস্বাক্ষরতা?

আসলে সংকটটা উৎপাদনে না, সংকটটা দৃষ্টিভঙ্গিতে। আমরা কাজ করছি অনেক, কিন্তু কাজের পেছনের যে ফান্ডামেন্টাল দর্শন—নতুনকে আহ্বান করার সাহস, যুগের প্রশ্নকে আত্মস্থ করার ক্ষমতা—সেটাই ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। এর কেন্দ্রে এসে দাঁড়ায় ইজতিহাদের প্রশ্ন। কিন্তু ইজতিহাদকে যদি আমরা কেবল ফিকহি বিধান নির্ণয়ের একটি কারিগরি প্রক্রিয়ায় সীমাবদ্ধ করে দেখি, তাহলে তার প্রকৃত তাৎপর্য অধরাই থেকে যায়। কেয়ামত পর্যন্ত ইজতিহাদের লেজিটিমেসি আসলে কোনো সংকীর্ণ আইনি বৈধতার প্রশ্ন না; এটি একটি সামগ্রিক উসূল—একটি জ্ঞানদর্শন, যা চিন্তা, বিশ্লেষণ ও মানবকল্যাণকে যুগের বাস্তবতার সঙ্গে যুক্ত করে।

জ্ঞানচর্চায় ইজতিহাদের এই অভাবই আমাদের ক্লান্ত করে তোলে। কাজের অভাব নেই—লেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, সিদ্ধান্তও আসছে—তবু ফল কোথায়? অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঘুরপাক খাচ্ছি চর্বিতচর্বণের ভেতর। চিন্তায় যুগচাহিদার রেশ ক্ষীণ, বিশ্লেষণে মানবকল্যাণ যেন কেবল শিরোনামসর্বস্ব। একদিকে বিধিবিষয়ক আলোচনাগুলো যথাযথ গভীরতায় পৌঁছাতে পারছে না, অন্যদিকে মৌলিক জ্ঞানচেতনার কোনো দৃশ্যমান উন্মেষও ঘটছে না। ফলে তৈরি হচ্ছে এক ধরনের সরল, যান্ত্রিক, কিন্তু উচ্চস্বরে কোলাহলপূর্ণ জ্ঞানচর্চা—যেখানে শব্দ আছে, আলো আছে, কিন্তু দিকনির্দেশনা নেই।

এই প্রেক্ষাপটে জরুরি হয়ে পড়ে নবায়নের একটি ডিসকোর্স নির্মাণ। এমন এক জ্ঞানপরিসর, যেখানে সমাজ, সংস্কৃতি ও ইতিহাস—এই তিনটি বাস্তবতাকে সমন্বয়ের ভেতর দিয়ে দেখা হবে। এখানেই ইজতিহাদের ভূমিকা অনিবার্য হয়ে ওঠে। কারণ ইজতিহাদই পারে জ্ঞানকে কেবল বৈধই না, বরং উপযোগী ও যুগোপযোগী করে তুলতে।

আলাপের নার্ভ ঠিকভাবে ধরা গেলে, বোঝা যাবে—আমাদের ‘গোল্ডেন এইজ’ কেন আব্বাসি খিলাফতের মধ্যযুগেই থমকে আছে। ইতিহাস যে ঘুরে ফিরে আসে, তা নতুন কথা না; অনেকটা দেজা ভ্যুর মতোই। কিন্তু এই পুনরাবৃত্তির ভেতর একটি সূক্ষ্ম তত্ত্ব কাজ করে—অপরিণাম স্বাভাবিকভাবে ঘটে, সেখানে ইতিহাস আপনাআপনি ফিরে আসে; কিন্তু প্রাপ্তি কখনোই স্বয়ংক্রিয় কিছু না। প্রাপ্তি একটি এখতিয়ারি ব্যাপার—এক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি আপনাকেই প্রস্তুত করতে হবে।

এই কারণেই ইতিহাসকে কেবল স্মরণিকা না বানিয়ে, নেড়ে দেখা জরুরি। বড়দের ইজতিহাদের মাত্রা কী ছিল, ক্ষেত্র কতদূর বিস্তৃত ছিল এবং তারা কীভাবে যুগপ্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছিলেন—সে সব পুনর্বিবেচনা ছাড়া আজকের জ্ঞানচর্চা সামনে এগোতে পারে না। হয়তো এই ফিরে তাকানো থেকেই কোনো বোধ জাগবে; আর না জাগলেও অন্তত বোঝা যাবে—আমাদের স্থবিরতার শিকড় কোথায় প্রোথিত।

 

ইসলামি জ্ঞানচর্চার সংকট ও গাজালির অবস্থান

ইমাম গাজালির ইজতেহাদি কাজবাজ কয়েকটি ধারা আর বিভিন্ন প্রেক্ষিতে বিভক্ত। বিস্তারিত আলাপ করা যাক—

Epistemic Fragmentation ও ইমাম গাজালির ইজতিহাদ

৫ম হিজরি শতকে ইসলামি জ্ঞানভুবনে এক গভীর ও বহুমাত্রিক সংকট আত্মপ্রকাশ করে। ইসলাম ছিল এক—কিন্তু জ্ঞান কী, তা অর্জনের বৈধ পদ্ধতি কোনটি এবং কোন জ্ঞান মানুষকে প্রকৃত মুক্তির দিকে নিয়ে যায়—এই মৌলিক প্রশ্নগুলোর কোনো সম্মিলিত, গ্রহণযোগ্য উত্তর তখন আর বিদ্যমান ছিল না। কোনো shared intellectual consciousness কাজ করছিল না। চারদিকে ছড়িয়ে পড়েছিল epistemic fragmentation—যা নিছক “মতপার্থক্য” না; বরং জ্ঞানের উৎস, পদ্ধতি, উদ্দেশ্য ও অথরিটির মধ্যে একটি গভীর বিচ্ছিন্নতার নাম।

এই ভাঙনটি কেবল অনুভূমিক (horizontal) ছিল না, বরং ছিলো উল্লম্ব (vertical)—রাষ্ট্র ও বুদ্ধিবৃত্তিক এলিট থেকে শুরু করে সাধারণ ধর্মজীবন পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে এর অভিঘাত পড়েছিল।

সে সময় ফিকহ[1]ইমাম গাজালি তাঁর (إحياء علوم الدين) গ্রন্থের শুরুতে ফিকহের সংজ্ঞা ও ফুকাহাদের … Continue reading ছিল রাষ্ট্র, বিচারব্যবস্থা ও সামাজিক শৃঙ্খলার প্রধান হাতিয়ার। ফলে ফুকাহাদের মনোযোগ কেন্দ্রীভূত হয়ে পড়ে কিয়াস, ফুরু’ ও ইখতিলাফের বিস্তারে। আইনগত সূক্ষ্মতা ও আনুষ্ঠানিক বিধিপালনের জটিল আবর্তে আবদ্ধ হয়ে পড়ে ফিকহচর্চা। শরিয়ার এক ধরনের externalization ঘটে—আইন আছে, কাঠামো আছে, কিন্তু তার অন্তর্গত নৈতিক ও আত্মিক প্রাণশক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে।[2]Timothy J. Winter (Abdal Hakim Murad) তাঁর ‘Introduction to Al-Ghazali’s Ihya’ তে দেখিয়েছেন কীভাবে গাজালি ‘ফিকহ’ … Continue reading

ইমাম গাজালির কাছে সমস্যা ফিকহের অস্তিত্ব না। তাঁর দৃষ্টিতে মূল সংকট ছিল এই যে—শরিয়া আইনগত বৈধতা (legality) উৎপাদন করলেও আধ্যাত্মিকতা (spirituality) উৎপাদনে ব্যর্থ হচ্ছিল। ইবাদাত রূপ নিচ্ছিল আচরণগত শুদ্ধতায়, আমল সীমাবদ্ধ হচ্ছিল বাহ্যিক বৈধতায়, আর তাকওয়া পরিণত হচ্ছিল নিছক নিয়ম মানার শৃঙ্খলায়। নিয়ত ও তাজকিয়াতুন নাফস—আত্মশুদ্ধি ও অন্তর্গত রূপান্তর—এই দুইটি বিষয় ক্রমেই মার্জিনাল হয়ে পড়ছিল।

এই ধরনের জ্ঞানকেই ইমাম গাজালি আখ্যা দেন “علم لا ينفع”—এমন জ্ঞান, যা মানুষকে বদলায় না।

অন্যদিকে গ্রিক দর্শনের অনুবাদ-আন্দোলনের সূত্র ধরে অন্টোলজি, কসমোলজি, লজিক ও মেটাফিজিক্স ইসলামি বুদ্ধিবৃত্তিক পরিসরে প্রবেশ করে।[3]গ্রিক দর্শনের প্রভাবে ঈমান যখন কেবল যুক্তির খেলায় পরিণত হচ্ছিল, তখন গাজালি … Continue reading ধীরে ধীরে সত্য অনুসন্ধান রূপ নেয় কেবলমাত্র rational proof-এর খেলায়।[4]Frank Griffel তাঁর ‘Al-Ghazali’s Philosophical Theology’ গ্রন্থে দেখিয়েছেন, গাজালি দর্শনকে পুরোপুরি … Continue reading ঈমান পরিমাপ হতে থাকে যুক্তির মানদণ্ডে, আর খোদা অবনমিত হন একটি metaphysical necessity-তে। এর ফলে জন্ম নেয় epistemic elitism—জ্ঞান হয়ে ওঠে একচেটিয়া ও সীমিত কিছু মানুষের দখলে থাকা এক ধরনের পশ ব্যাপার।

গাজালি স্পষ্টভাবে বলেন—

“যে জ্ঞান মানুষকে খুশু, খওফ ও মুহাব্বত শেখায় না, সে জ্ঞান অসম্পূর্ণ।”

কারণ জ্ঞান যদি হৃদয়ে কম্পন সৃষ্টি না করে, চরিত্রে পরিবর্তন না আনে, তবে তা সভ্যতা গঠনের ক্ষমতা হারায়।

সুফিবাদের[5]সুফিদের ব্যক্তিগত অভিজ্ঞতা (ذوق) যখন শরিয়ার সীমানা লঙ্ঘন করছিল, তখন গাজালি … Continue reading পরিসরে যদিও ভেতরকার পিউরিফিকেশন, খোদার উপস্থিতির অনুভব (حضور) এবং অভিজ্ঞতামূলক নিশ্চয়তা (ذوق) বিদ্যমান ছিল, তবু এখানেও গাজালি একটি গভীর সমস্যার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে শরিয়ত কার্যত বাইপাস হয়ে যাচ্ছিল। ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করছিল সত্যের সর্বোচ্চ মর্যাদা; রূপক (metaphor) রূপ নিচ্ছিল আক্ষরিক বাস্তবতায়। অভিজ্ঞতাই হয়ে উঠছিল স্বয়ংসম্পূর্ণ প্রমাণ—টেক্সটভিত্তিক যাচাই ও শাস্ত্রীয় জবাবদিহির প্রয়োজনীয়তা যেন আর নেই একদম।

এর পরিণতিতে ইসলামি জ্ঞানচর্চা ধাবিত হচ্ছিল সাবজেকটিভিজমের দিকে—যেখানে সত্য আর সামষ্টিক না, সম্পূর্ণ ব্যক্তিসর্বস্ব।

ফলে চিত্রটি দাঁড়ায় এইরকম—

ফিকহে নীতি আছে, কিন্তু আত্মা নেই; দর্শনে যুক্তি আছে, কিন্তু রূপান্তর নেই; সুফিবাদে রূহ আছে, কিন্তু কাঠামো নেই। কোথাও প্রক্রিয়া আছে অথচ অর্থ নেই, কোথাও অর্থ আছে কিন্তু নিয়ম শিথিল, আবার কোথাও সত্য আছে কিন্তু তা জীবন বদলাতে ব্যর্থ।[6]আধুনিক চিন্তাবিদদের ভাষায় এই সংকটটি ছিল বহুমুখী। তারিখে দাওয়াত ও আজিমত … Continue reading

এই সমষ্টিগত বিচ্ছিন্নতার ভেতর থেকেই ইমাম গাজালি উপলব্ধি করেন—সংকট কোনো একক ধারায় নয়; সংকট পুরো জ্ঞানতাত্ত্বিক প্রক্রিয়াজুড়ে। বিশ্বাসব্যবস্থায় (belief system) সমস্যা নেই; সমস্যা জানার পদ্ধতিতে, জানার উদ্দেশ্যে এবং জ্ঞানকে জীবনের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়ায়।

এই উপলব্ধির ভিত্তিতেই তিনি সংকটটিকে চিহ্নিত করেন একটি civilizational epistemic crisis হিসেবে—এবং তার জবাব হিসেবে রচনা করেন তাঁর যুগান্তকারী ইজতিহাদি গ্রন্থ ইহয়াউ উলুমিদ্দীন।[7]ইমাম গাজালির ইজতিহাদ কোনো খণ্ডকালীন সমাধান ছিল না। Dr. Majid Arsan al-Kilani তাঁর ‘The Methodology … Continue reading

এটি কোনো সাধারণ ধর্মীয় সংকলন না; বরং ইসলামি জ্ঞানকে আচার, এরপর চরিত্র, এরপর চেতনা—এই ধারাবাহিকতায় পুনর্গঠনের এক ঐতিহাসিক প্রয়াস।

 

ইহয়াউ উলুমিদ্দীন : একটি ইজতিহাদি জ্ঞান-প্রকল্প

জ্ঞান কী? আমরা আদৌ কীভাবে জানি—এ প্রশ্নটি জ্ঞানতত্ত্বের (Epistemology) মৌলিক অনুসন্ধান। আর মানুষ হিসেবে আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত, নৈতিকভাবে কোনটি অধিক আবশ্যক—এটি নৈতিক দর্শনের (Ethics) কেন্দ্রীয় জিজ্ঞাসা। পঞ্চম হিজরি শতকে এই দুই প্রশ্ন একই সভ্যতাগত পরিসরে থাকলেও কার্যত ভিন্ন ভিন্ন বৌদ্ধিক পথে চলছিল। একদিকে দার্শনিকদের জগতে গড়ে উঠছিল এমন এক জ্ঞানচর্চা, যা নৈতিক দায়বদ্ধতা থেকে প্রায় মুক্ত; অন্যদিকে ফুকাহাদের হাতে বিকশিত হচ্ছিল এমন এক বাধ্যবাধকতামূলক নর্মেটিভ কাঠামো, যা অন্তর্গত জ্ঞান ও আত্মিক রূপান্তরের প্রশ্নে প্রায় নির্বাক।

এই বৌদ্ধিক বিচ্ছিন্নতার ভেতরেই ইমাম গাজালি প্রথমবারের মতো একটি মৌলিক দাবি উত্থাপন করেন—জ্ঞান নিজেই একটি normative force।[8]গাজালি তাঁর ‘ইহয়া’-র প্রথম খণ্ড (কিতাবুল ইলম)-এ জ্ঞানের যে নতুন … Continue reading অর্থাৎ সত্য জ্ঞান কখনোই নৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারে না; তা অনিবার্যভাবে মানুষের সত্তা, অভ্যাস ও আচরণকে রূপান্তরিত করে। এই অবস্থান থেকেই ইহয়াউ উলুমিদ্দীন কেবল কোনো ধর্মীয় গ্রন্থ না বরং হয়ে ওঠে একটি নর্মেটিভ–এপিস্টেমোলজিক্যাল সমন্বিত প্রকল্প—যেখানে জানার প্রশ্ন ও হওয়ার প্রশ্ন একে অপরের থেকে বিচ্ছিন্ন না।

গাজালি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে এক-মাত্রিক জ্ঞান সর্বদাই বিকৃত ফল উৎপাদন করে। কেবল আচরণনির্ভর ধর্মচর্চা শেষ পর্যন্ত রিচুয়ালিজমে পর্যবসিত হয়; কেবল তাত্ত্বিক চিন্তা জন্ম দেয় অভিজাততাবাদী বিমূর্ততা, যা বাস্তব জীবন ও সামাজিক প্রয়োগ থেকে বিচ্ছিন্ন; আবার কেবল অনুভূতি ও তাজরেবাকেন্দ্রিক আধ্যাত্মিকতা—নর্ম, শরিয়াহ ও বৌদ্ধিক কাঠামো ছাড়া—রূপ নেয় নিয়ন্ত্রণহীন মিস্টিসিজমে। এই বৌদ্ধিক সংকটের প্রতিক্রিয়ায় গাজালি জ্ঞানকে একটি ত্রিমাত্রিক কাঠামোতে পুনঃসংজ্ঞায়িত করেন—যা মূলত একটি গভীর ইজতিহাদি কর্ম।

প্রথম মাত্রা হলো ‘আমল’ (عمل)।[9]গাজালির কাছে আমল কেবল ‘আইনি বৈধতা’ (Legality) নয়। তিনি ‘আল-মুনকিজ’-এ পরিষ্কার … Continue reading গাজালির কাছে আমল নিছক বাহ্যিক কর্ম না; বরং চর্চার মধ্য দিয়ে দেহ ও জীবনে অবতীর্ণ এক প্রকার দেহীভূত জ্ঞান (embodied knowledge)। তাঁর দৃষ্টিতে যে জ্ঞান অভ্যাস, চরিত্র ও দৈনন্দিন জীবনে রূপ নেয় না, তা এখনো epistemically incomplete। ফিকহ যেখানে আমলের সহিহ ও বাতিল নির্ণয়ে সীমাবদ্ধ ছিল গাজালি সেখানে ইজতিহাদ করে নতুন প্রশ্ন যোগ করেন—এই আমল মানুষকে কী বানাচ্ছে? এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি একটি প্রাক্সিসমুখী জ্ঞানতত্ত্ব নির্মাণ করেন, যেখানে জ্ঞান কেবল জানা না, বরং করার মধ্য দিয়ে গঠিত ও যাচাইকৃত।

দ্বিতীয় মাত্রা হলো ‘হাল’ (حال)—অন্তরের অবস্থা, অভ্যাসগত প্রবণতা ও অনুভূতিগত অভিমুখিতা। খুশু, খাওফ, রজা, তাকাব্বুর কিংবা তাওয়াদু—এসব তখন পর্যন্ত মূলত ওয়াজ-নসিহত ও সূফি তাজরেবার বিষয় হিসেবেই আলোচিত ছিল। গাজালির ইজতিহাদি কৃতিত্ব হলো, তিনি এই অন্তর্গত অবস্থাগুলোকে পদ্ধতিগত জ্ঞানের আওতায় নিয়ে আসেন।[10]ইমাম গাজালির ইজতিহাদের সবচেয়ে আধুনিক দিক হলো তার ‘রুবউ আল-মুহলিকাত’ … Continue reading রিয়া, হিরস কিংবা হুব্বুদ্দুনিয়া—এসব ব্যাধিকে তিনি বিশ্লেষণ করেন এমনভাবে, যা আধুনিক ভাষায় প্রায় একটি moral psychology-র কাঠামোর সঙ্গে তুলনীয়। এর মাধ্যমে তিনি আত্মিক অভিজ্ঞতাকে বুদ্ধিবৃত্তিক জবাবদিহিতার ভেতরে আনেন—এটি ছিল এক গভীর এপিস্টেমিক ইজতিহাদ।

তৃতীয় মাত্রা হলো ‘মারিফা’ (معرفة)। গাজালির কাছে মারিফা নিছক তথ্যগত জ্ঞান কিংবা দর্শনীয় অ্যাবস্ট্রাকশন না। এটি বাস্তবতার এমন এক অনুধাবন, যা ওহি, আকল ও যাওকের মধ্যকার হায়ারার্কিক্যাল শৃঙ্খলা বজায় রেখে অর্জিত হয়—এক পরিশুদ্ধ বুদ্ধি ও শুদ্ধ হৃদয়ের সম্মিলিত প্রক্রিয়ায়। এখানে জ্ঞান মানে কেবল জানা না, বরং সত্যের সঙ্গে অস্তিত্বগত সংযোগ স্থাপন।

গাজালির ইজতিহাদি যুক্তির সারকথা হলো—সঠিক আমল অন্তরকে শুদ্ধ করে; শুদ্ধ অন্তরই গ্রহণযোগ্য জ্ঞানের উপযুক্ত আধার; আর গভীর মারিফা আবার আমলকে অর্থবহ, উদ্দেশ্যপূর্ণ ও জীবন্ত করে তোলে। এটি কোনো সরল রৈখিক ধারা না; বরং একটি জৈবিক feedback loop।[11]‘Feedback Loop’ ধারণাটিই মূলত গাজালির ‘আল-মুস্তাসফা’ এবং ‘মি’য়ার আল-ইলম’-এর … Continue reading এই কাঠামোর মধ্য দিয়েই গাজালি ইসলামে ‘জ্ঞান’ কী হিসেবে গণ্য হবে—তার এক মৌলিক পুনর্গঠন সম্পন্ন করেন।[12]গাজালির ইজতিহাদি সারকথা: ইলম (Knowledge): লক্ষ্য স্থির করে। আমল (Action): নফসকে প্রস্তুত … Continue reading

 

জাহির ও বাতিনের জ্ঞানতাত্ত্বিক পুনর্গঠন : ইমাম গাজালির ইজতিহাদি হায়ারার্কি [13]গাজালি এটিকে তাঁর مشكاة الأنوار  এবং الأربعين في أصول الدين গ্রন্থে সুবিন্যস্ত … Continue reading

জ্ঞানকে সাধারণভাবে দুই ভাগে বিভক্ত করা হয়—জাহেরি ও বাতেনি।

জাহেরি জ্ঞানের পরিসরে পড়ে শরিয়া, ফিকহ ও আমল—অর্থাৎ ধর্মের বাহ্যিক কাঠামো, বিধান ও আচরণগত অনুশীলন। অপরদিকে, বাতেনি জ্ঞান অন্তর্ভুক্ত করে তাসাউফ, আখলাক ও তাজকিয়া—অন্তরের শুদ্ধতা, নৈতিক গঠন ও আত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া।

ইমাম গাজালির পূর্ববর্তী সময়ে এই বিভাজনটি ছিল মূলত বিবরণনির্ভর (descriptive), কিন্তু নিয়মতান্ত্রিক বা উদ্দেশ্যনির্ধারিত (normative–teleological)[14]Normative–Teleological Structure-কে গাজালি তাঁর কিতাবগুলোতে ‘রূহ’ (Spirit) এবং ‘জাসাদ’ (Body)-এর রূপক … Continue reading নয়। অর্থাৎ, জাহেরি ও বাতেনি—উভয় ধারাই বিদ্যমান ছিল, কিন্তু কোনটি কী উদ্দেশ্যে, কোনটি কাকে সম্পূরক করবে, কিংবা কোনটি মৌলিক আর কোনটি উপকরণ—এসব প্রশ্নে কোনো সুস্পষ্ট বুদ্ধিবৃত্তিক কাঠামো গড়ে ওঠেনি। এই অনির্ধারিত অবস্থার ফলস্বরূপ ইসলামি জ্ঞানভুবনে তিনটি গুরুতর সংকট দেখা দেয়।

প্রথমত, বহু ফুকাহা ধীরে ধীরে মনে করতে শুরু করেন যে, বাতেনি জ্ঞান অতিরিক্ত, এমনকি অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়। শরিয়ার বাহ্যিক বিধান যথাযথভাবে পালিত হলেই দ্বীনের দাবি পূর্ণ হয়ে যায়—এই ধারণা শক্তিশালী হতে থাকে।

দ্বিতীয়ত, কিছু সুফি বিপরীত প্রান্তে অবস্থান নিয়ে জাহেরি জ্ঞানকে প্রাথমিক ও গৌণ হিসেবে বিবেচনা করতে শুরু করেন। বাহ্যিক আমল ও আইনগত কাঠামোকে তারা অন্তরের তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে মনে করেন, যা শেষ পর্যন্ত শরিয়ার শৃঙ্খলাকে দুর্বল করে তোলে।

তৃতীয়ত, সাধারণ মুসলিম সমাজ গভীর এক দ্বিধায় পড়ে যায়—আসল দ্বীন কোনটি? বাহ্যিক বিধাননির্ভর ধর্মচর্চা, নাকি অন্তরকেন্দ্রিক আধ্যাত্মিক পথ—কোনটি ইসলামের প্রকৃত রূপ?[15]গাজালির ইজতিহাদ কেবল ফিকহের শাখা-প্রশাখায় ছিল না, বরং তা ছিল উসুলুল … Continue reading

এই জটিল প্রেক্ষাপটে ইমাম গাজালির ইজতিহাদ ছিল এক ধরনের জ্ঞানতাত্ত্বিক পুনর্গঠন। তিনি জাহেরি জ্ঞানকে বাতিল করেননি, আবার বাতেনিকে অযাচিতভাবে স্বাধীনও করে দেননি। বরং তিনি জাহেরি জ্ঞানকে ইন্সট্রুমেন্টাল (instrumental)[16]গাজালি তাঁর (المستصفى) গ্রন্থে উসুল বা মূলনীতি নিয়ে আলোচনা করলেও, ‘Ihya’-তে … Continue reading হিসেবে সংজ্ঞায়িত করেন—অর্থাৎ, এটি একটি পথ, একটি শর্ত, একটি অপরিহার্য মাধ্যম; কিন্তু নিজে গন্তব্য নয়।

গাজালির আগ পর্যন্ত ফিকহ কার্যত একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসেবে কাজ করছিল। কোনো কাজ ফিকহি নীতিমালার আলোকে সহিহ হলে তা গ্রহণযোগ্য, আর বাতিল হলে প্রত্যাখ্যাত—এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন তোলা হত না। কিন্তু গাজালি এই ব্যবস্থার কেন্দ্রে একটি মৌলিক ও বিপ্লবী প্রশ্ন সংযোজন করেন:

এই সহিহ আমল কি অন্তরকে শুদ্ধ করছে?

এই প্রশ্নটি ফিকহকে কেবল বিধাননির্ভর শাস্ত্র থেকে তুলে এনে একটি উদ্দেশ্যতাত্ত্বিক[17]“এই সহিহ আমল কি অন্তরকে শুদ্ধ করছে?”—এটিই হলো গাজালির ইজতিহাদের … Continue reading (teleological) কাঠামোর মধ্যে স্থাপন করে।

গাজালির সবচেয়ে মৌলিক ইজতিহাদি সিদ্ধান্তটি এখানেই—

তিনি ঘোষণা করেন যে, জাহির ও বাতিন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং উভয়ের মধ্যে একটি স্পষ্ট হায়ারার্কি রয়েছে। প্রশ্নটি এখন আর “কোনটি বেশি গুরুত্বপূর্ণ” নয়; বরং—কে কাকে সার্ভ করবে?

গাজালির উত্তর স্পষ্ট: জাহির বাতিনের সেবায় নিয়োজিত, আর বাতিন জাহিরের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ।

অতএব, গাজালি জাহির–বাতিন বিভাজন বাতিল করেননি।

তিনি এটিকে অর্থ দিয়েছেন, দিশা দিয়েছেন এবং সীমা নির্ধারণ করেছেন। এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এই নতুন হায়ারার্কির আলোকে আলেম আর কেবল আইনবিদ নন—তিনি চরিত্র নির্মাতা। শিক্ষা আর শুধু তথ্য ও বিধান সরবরাহ নয়—এটি নৈতিক ও আত্মিক গঠনের প্রক্রিয়া। সমাজও আর কেবল বাহ্যিক ধার্মিকতার সমষ্টি নয়—বরং অভ্যন্তরীণ ইনসাফ, আত্মিক ভারসাম্য ও নৈতিক দায়িত্ববোধের এক সামগ্রিক কাঠামো।

এই অর্থে, ইমাম গাজালির ইজতিহাদ[18]গাজালির ইজতিহাদ কোনো খণ্ড সংস্কার নয়, বরং এটি একটি Epistemic Revolution। তিনি প্রমাণ … Continue reading ছিল শুধু তাসাউফ বা ফিকহের সংস্কার নয়; বরং এটি ছিল ইসলামি জ্ঞানতত্ত্বের এক গভীর civilizational reorientation[19]গাজালি যখন বলেন “যে জ্ঞান চরিত্র সংশোধন করে না, তা আসলে অজ্ঞতারই নামান্তর” … Continue reading—যেখানে জ্ঞান, আমল ও চরিত্র একে অপরের পরিপূরক হয়ে ওঠে।

 

গাজালি ও দর্শনের সীমারেখা

ফিলোসফির প্রতি ইমাম গাজালির অবস্থান ইসলামি বুদ্ধিবৃত্তিক ইতিহাসের সবচেয়ে বেশি ভুল বোঝা এবং একই সঙ্গে সবচেয়ে sophisticated—ইজতিহাদি সিদ্ধান্তগুলোর একটি। তাঁকে প্রায়শই “দর্শনের ধ্বংসকারী” হিসেবে উপস্থাপন করা হয়, অথচ এই সরলীকৃত ধারণা গাজালির প্রকৃত প্রকল্পকে আড়াল করে। বাস্তবে তিনি দর্শনবিরোধী নন; বরং তিনি ছিলেন গভীরভাবে philosophy-literate, তীক্ষ্ণ philosophy-critic, এবং সচেতনভাবে philosophy-selective। এই সূক্ষ্ম পার্থক্যটি বোঝাই আজ সবচেয়ে জরুরি।

গাজালির ইজতিহাদের কেন্দ্রবিন্দু ছিল যাকে বলা যায় Selective Epistemic Appropriation of Philosophy। অর্থাৎ, কোনো জ্ঞানশাস্ত্রকে তার উৎস—গ্রিক, মুসলিম বা অমুসলিম—এই পরিচয়ের ভিত্তিতে নয়; বরং তার epistemic function বা জ্ঞানগত সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা। দর্শনের প্রতিটি শাখাকে তিনি তিনটি মৌলিক মানদণ্ডে যাচাই করেছেন—

১. এই শাস্ত্র কি নিশ্চিত জ্ঞান (يقين) দিতে সক্ষম?

২. এটি কি ওহির সঙ্গে মৌলিক বিরোধে লিপ্ত?

৩. এটি কি মানুষকে হিদায়াতের দিকে নিয়ে যায়, নাকি বিভ্রান্তির দিকে ঠেলে দেয়?

এই মানদণ্ডের আলোকে গাজালি এরিস্টটেলিয়ান লজিক—বিশেষত কিয়াস-মানতেক, সংজ্ঞা নির্মাণ (definition), ও demonstrative proof—গ্রহণ করেন এবং তা উসুলে ফিকহ, কালামি আর্গুমেন্টেশন ও কুরআন-হাদিসের টেক্সট ইন্টারপ্রিটেশনে কার্যকরভাবে প্রয়োগ করেন। তিনি শুধু লজিক ব্যবহারই করেননি; বরং যুক্তিবিদ্যাকে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মিয়ারুল ইলম ও আল-কিস্তাসুল মুস্তাকিম-এর মতো গ্রন্থ রচনা করেছেন।

গাজালির কাছে লজিক কোনো worldview না, বরং একটি শক্তিশালী ও নিরপেক্ষ methodological tool। এটি সে সময় একটি বিপ্লবী ইজতিহাদি সিদ্ধান্ত ছিল। কারণ তাঁর সমসাময়িক অনেক বড় আলেমই যুক্তিবিদ্যাকে সরাসরি “বিদʿআ” হিসেবে দেখতেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লজিককে শরিয়ার সহায়ক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া ছিল এক গভীর বুদ্ধিবৃত্তিক সাহস।[20]গাজালির সবচেয়ে বড় ইজতিহাদ ছিল যুক্তিবিদ্যাকে (Logic) কুফর বা বিদআতের তকমা … Continue reading

তাহাফাতুল ফালাসিফা-তে গাজালি মূলত দর্শনের মেটাফিজিক্সকে অস্বীকার করেননি; বরং তার পরিসর ও দাবি কঠোরভাবে সীমাবদ্ধ করেছেন। এটি দর্শনের ধ্বংস না, বরং মেটাফিজিক্যাল ওভাররিচের[21]গাজালি দর্শনের মেটাফিজিক্সকে ‘অনুমাননির্ভর’ (Conjectural) হিসেবে প্রমাণ করেছেন। … Continue reading একটি সুচিন্তিত সমালোচনা। এই গ্রন্থে তিনি দার্শনিকদের বিশটি মৌলিক দাবিকে প্রশ্নবিদ্ধ করেন, যার মধ্যে তিনটিকে তিনি স্পষ্টভাবে কুফরি হিসেবে চিহ্নিত করেন—

১. বিশ্বজগতের চিরন্তনতা

২. আল্লাহর খুঁটিনাটি বিষয় সম্পর্কে অজ্ঞতার ধারণা

৩. শারীরিক পুনরুত্থানের অস্বীকার

এখানেই গাজালির ইজতিহাদি অবস্থান সবচেয়ে স্পষ্ট হয়। তাঁর কাছে মেটাফিজিক্স জন্নি—অনুমাননির্ভর—আর ওহি ইয়াকিনি—নিশ্চিত ও চূড়ান্ত। যদি তিনি সভ্যতাগত প্রত্যাখ্যানের (civilizational rejection) পথে যেতেন, তবে দর্শনের সব শাখাই বাতিল হয়ে যেত, যুক্তি নিজেই অবিশ্বাস্য হয়ে পড়ত এবং মুসলিম চিন্তা এক ধরনের বুদ্ধিবৃত্তিক আত্মগেটোতে আবদ্ধ হয়ে যেত। গাজালি সে পথে যাননি। বরং তিনি দর্শনের উদ্দেশ্য, প্রেরণা ও অথরিটিকে পুনর্গঠন করেছেন। তিনি একটি গভীর methodological critique উপস্থাপন করেছেন।

দর্শন যেখানে সুখকে সংজ্ঞায়িত করেছিল “যুক্তিবান আত্মার পূর্ণ বিকাশ” হিসেবে, সেখানে গাজালি এসে বললেন—সাফল্য আসলে আল্লাহর নৈকট্য। এইভাবে তিনি মূলত নৈতিক দর্শনকে (ethics) ইসলামি কাঠামোর ভেতরে পুনঃস্থাপন করেন। এটাকে নিছক দর্শনবিরোধিতা বলা যায় না; বরং এটি একটি conscious Islamization of ethics।[22]ড. জাকি নজিব মাহমুদ তাঁর ‘তাজদিদুল ফিকরুল আরাবি’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, … Continue reading

অনেকেই গাজালির বিরুদ্ধে “anti-reason” বা “anti-intellectualism”-এর অভিযোগ তোলেন। কিন্তু এটি মূলত এক ধরনের বোঝাপড়ার ভুল। গাজালি যুক্তিকে অস্বীকার করেননি; বরং তিনি যুক্তিকে পরিশুদ্ধ করেছেন, দর্শনকে discipline দিয়েছেন, এবং শরিয়াকে বানিয়েছেন epistemic sovereign। এটি যুক্তিবিরোধিতা না; এটি হলো intellectual governance।[23]Al-Ghazali’s Philosophical Theology গ্রন্থে গ্রিফেল দেখিয়েছেন যে, গাজালি অ্যারিস্টটলের … Continue reading

এই অবস্থানের[24]বিশ্লেষণ অনুযায়ী গাজালির অবস্থানকে নিচের চিত্রের মতো করে কল্পনা করা … Continue reading দীর্ঘমেয়াদি ফল আমরা ইতিহাসে স্পষ্টভাবে দেখতে পাই। উসুলে ফিকহে formal logic-এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সুন্নি আকিদায় দর্শনের নিয়ন্ত্রিত অন্তর্ভুক্তি এবং সর্বোপরি ইবনে রুশদের মতো দার্শনিকের পক্ষে তাহাফাতুত তাহাফা রচনা করা—এসবই একটি সুস্থ ও প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক ইকোসিস্টেমের লক্ষণ। গাজালি দর্শনের দরজা বন্ধ করেননি; বরং তিনি দরজায় প্রহরী বসিয়েছিলেন।[25]গাজালির পর থেকে ইসলামি দুনিয়ায় বিজ্ঞান বা দর্শনের যে ধারা চলেছে, তা আর … Continue reading

 

জ্ঞান, নৈতিকতা ও ট্রান্সফরমেশন : গাজালির চারটি পিলার

ইমাম গাজালি মূলত ইসলামি জ্ঞানব্যবস্থার চারটি পিলার পুনর্গঠন করেছেন। তাঁর এই ইজতিহাদি উদ্যোগ শুধু দর্শন বা তত্ত্বের পুনঃসংজ্ঞা না, বরং জ্ঞান ও নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং সামাজিক দায়িত্বের সংযোগ স্থাপনের একটি সুসংহত প্রক্রিয়া। পিলারগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায়:

১. উৎস (Sources) :

গাজালি ওহি[26]গাজালি তাঁর المنقذ من الضلال গ্রন্থে দেখিয়েছেন যে, কেবল ইন্দ্রিয় বা কেবল যুক্তি … Continue reading (revelation), যুক্তি (reason) এবং অভিজ্ঞতা (experience)—এই তিনটিকে স্বীকৃতি দিয়ে একটি হায়ারার্কি স্থাপন করেন। প্রতিটি উৎসকে তার epistemic ও নৈতিক ক্ষমতার আলোকে নির্ণয় করা হয়, ফলে জ্ঞানকে এক ধরণের নিয়ন্ত্রিত ও দায়িত্বমুক্ত পরিবেশে প্রবর্তন করা সম্ভব হয়।

২. স্তর (Stratification) :

তিনি জ্ঞানকে ethical stratification[27]গাজালি এটিকে  ইহয়া কিতাবে অত্যন্ত সুনিপুণভাবে বিন্যস্ত করেছেন। তিনি … Continue reading এর মাধ্যমে শ্রেণিবদ্ধ করেন। কিছু জ্ঞান ফরজে আইন (individually obligatory), কিছু জ্ঞান ফরজে কিফায়া (socially obligatory) এবং কিছু জ্ঞান ধ্বংসাত্মক বা বিভ্রান্তিকর। এই স্তরবিন্যাস শুধু প্রাকটিক্যাল বা ফাংশনাল না; এটি জ্ঞান ও নৈতিকতার মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন করে, যা ইসলামি শিক্ষার কাঠামোতে দায়িত্ব ও সীমারেখা নির্ধারক।

৩. উদ্দেশ্য (Purpose) :

গাজালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইজতিহাদি শিফট হলো জ্ঞানকে mastery বা intellectual accumulation হিসেবে না দেখে, বরং মানুষের ট্রান্সফর্মেশন ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য মূল্যায়ন করা। জ্ঞান এখানে স্বয়ংসম্পূর্ণ না; এটি হলো মানুষের চরিত্র, নৈতিকতা এবং হিদায়াতের পথনির্দেশনার উপকরণ।[28]গাজালির মতে, জ্ঞানের উদ্দেশ্য তথ্য জমা করা নয়, বরং মানুষের ‘অস্তিত্বগত … Continue reading

৪. ব্যবহার (Application) :

তিনি জ্ঞানকে পরিণত করেছেন আত্মসংশোধনের টুল, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অনুঘটক এবং আধ্যাত্মিক পথনির্দেশক হিসেবে।[29]শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (র.) গাজালির এই ব্যক্তিগত রূপান্তরের দর্শনকে … Continue reading এই দৃষ্টিভঙ্গি জ্ঞানকে কার্যকর, বাস্তবমুখী এবং নৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক করে তোলে, যা পরবর্তীকালের ইসলামি চিন্তাবিদদের জন্য একটি template হিসেবে কাজ করেছে।[30]ড. তহা জাবির আল-আলওয়ানির মতে, গাজালি মুসলিম মানসে যে Methodological discipline তৈরি … Continue reading

গাজালিকে মূলত ইসলামি জ্ঞানব্যবস্থার স্থপতি, নৈতিক জ্ঞানতত্ত্বের পথপ্রদর্শক এবং জ্ঞান ও মুক্তির সংযোগের তত্ত্ববিদ হিসেবে দেখা যায়। তার কাজ আধুনিক পরিপ্রেক্ষিতে কুহনের Paradigm Shift এবং মাচিন্তের Moral Tradition Reconstruction-এর সঙ্গে তুলনীয়; তিনি শুধু প্রশ্নগুলোই পুনঃনির্ধারণ করেছেন, উত্তর না। এবং এভাবেই হয়ে উঠেছেন যুগের সিভিলাইজেশনাল থিঙ্কার।[31]Alasdair MacIntyre তাঁর ‘After Virtue’-এ যেমন বলেছিলেন যে, নৈতিক ঐতিহ্য হারিয়ে গেলে সমাজ … Continue reading

গাজালির ইজতিহাদের দীর্ঘমেয়াদি প্রভাব আমরা পরবর্তীকালের দুইটি উদাহরণে দেখতে পাই:

১. ইবনে কাইয়িম :

তিনি ফিকহ, তাসাওউফ ও নৈতিক মনস্তত্বকে কেন্দ্র করে কাজ করেছেন। তার রচনা মাদারিজুস সালিকিন মূলত গাজালিয়ান কাঠামোর একটি সংস্করণ। ইবনে কাইয়িম আমলকে হৃদয়কেন্দ্রিক আইন হিসেবে উপস্থাপন করেছেন, যা গাজালির ট্রান্সফর্মেটিভ epistemic framework-এর ধারাবাহিকতা প্রকাশ করে।

২. শাহ ওয়ালিউল্লাহ :

তিনি শরিয়া, হিকমা ও মাকাসিদকে কেন্দ্রে রেখে দক্ষিণ এশিয়ায় গাজালির এপিস্টেমিক ইজতিহাদকে ইনস্টিটিউশনালাইজ করেছেন। তার মতে, দ্বীন হলো মোরাল ও সিভিলাইজেশনাল সিস্টেম এবং গাজালি এখানে ছিলেন সেই ব্রিজ ফিগার, যিনি ইসলামি জ্ঞান, নৈতিকতা এবং সমাজের মধ্যে স্থায়ী সংযোগ স্থাপন করেছেন।

সার্বিকভাবে, গাজালির কাজ শুধু দর্শনকে সীমাবদ্ধ করা বা সমালোচনা করা নয়। এটি জ্ঞান, নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং সমাজের মধ্যে এক সুসংহত, সুসংগঠিত, এবং যুগোপযোগী ইকোসিস্টেম স্থাপন করেছে। এই দৃষ্টিভঙ্গি তাকে শুধুমাত্র একজন ইজতিহাদি নয়, বরং মডার্ন ইসলামি চিন্তাধারার স্থপতি হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

 

ইমাম গাজালির ইজতিহাদি[32]ইমাম গাজালির ইজতিহাদ ছিল একাধারে Analytical এবং Synthetic। তিনি ব্যবচ্ছেদ করেছেন (Analysis) … Continue reading পদ্ধতি: الإضافة الاجتهادية الأصيلة হিসেবে এক মৌলিক বুদ্ধিবৃত্তিক উদ্ভাবন:

ইমাম গাজালির ইজতেহাদি প্রক্রিয়াটি ছিলো الإضافة الاجتهادية الأصيلة বা উদ্ভাবন (Original Contribution/Novelty)। এটা এমন একটি বুদ্ধিবৃত্তিক অন্বেষণ বা গবেষণাকর্মকে বোঝায়, যা বিদ্যমান জ্ঞানভাণ্ডারের সীমা অতিক্রম করে নতুন ধারণা, তথ্য বা বিশ্লেষণ উপস্থাপন করে। এটি পূর্ববর্তী গবেষণার পুনরাবৃত্তি[33]এটি হলো ‘Knowledge Advancement’। গাজালির এই পদ্ধতিটি আধুনিক গবেষণার ‘Critical Theory’ বা … Continue reading নয়; বরং প্রচলিত ধারণাকে পুনর্বিন্যাস,[34]তাঁর আগে ফুকাহাগণ ‘সালাত’ সহিহ হওয়ার জন্য বাহ্যিক শর্তাবলিকে চূড়ান্ত মনে … Continue reading সম্প্রসারণ কিংবা নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মূল্য সংযোজন করে। একাডেমিক পরিসরে উদ্ভাবনের গুরুত্ব এখানেই যে, এর মাধ্যমে জ্ঞানচর্চা এগিয়ে যায় এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

 

References

  • إحياء علوم الدين
  • تهافت الفلاسفة
  • المنقذ من الضلال
  • المستصفى من علم الأصول
  • معيار العلم
  • الإمام تاج الدين سبكي: طبقات الشافعية الكبري
  • ابن عساكر: تبيين كذب المفتري
  • د. زكي نجيب محمود: تجديد الفكر العربي
  • د. طه عبد الرحمن: تجديد المنهج في تقويم التراث
  • د. سليمان دنيا: الحقيقة في نظر الغزالي
  • د. يوسف القرضاوي: الإمام الغزالي بين مادحيه وناقديه
  • د. ماجد عرسان الكيلاني: المنهجية العلمية عند الإمام الغزالي
  • د. همزة البكري: الغزالي: فقهه وأصوله
  • د. عباس محمود العقاد: نظرية المعرفة عند الإمام الغزالي
  • الأثر الغزالي في الفكر الإسلامي: دراسة في التحولات الابستمولوجية
  • Frank Griffel: Al-Ghazali’s Philosophical Theology (Oxford University Press).
  • Ebrahim Moosa: Ghazali and the Poetics of Imagination.
  • Wael B. Hallaq: A History of Islamic Legal Theories.
  • Timothy J. Winter (Abdal Hakim Murad): Introduction to Al-Ghazali’s Ihya Ulum al-Din.
  • Farid Jabre: La Notion de Certitude selon Ghazali (English translation)
  • Mustafa Abu Sway: The Genetic Taxonomy of Knowledge in al-Ghazali’s Thought.
  • Ahmad Ghabin: The Relationship between Theology, Philosophy and Law in al-Ghazali’s Thought.
  • Mahan Mirza: The Al-Ghazali-Averroes Debate: Re-thinking the Foundations of Islamic Science.
  • Dr. Taha Jabir al-Alwani: Issues in Contemporary Islamic Thought.
  • Shah Waliullah Dehlawi: (حجة الله البالغة).
  • আল্লামা শিবলি নোমানি: (الغزالي)।
  • সৈয়দ আবুল হাসান আলি নদভি: (تاریخ دعوت و عزیمت – ১ম খণ্ড)।
  • ড. মুহাম্মদ আবদুর রহমান আল-কাশগারি: আল-গাজ্জালী ও ইসলামী দর্শন।
  • মাওলানা মুহিউদ্দীন খান: হায়াতে ইমাম গাজ্জালী।

তথ্যসূত্র:

তথ্যসূত্র:
1 ইমাম গাজালি তাঁর (إحياء علوم الدين) গ্রন্থের শুরুতে ফিকহের সংজ্ঞা ও ফুকাহাদের সীমাবদ্ধতা নিয়ে কঠোর কিন্তু যৌক্তিক আলাপ করেছেন।

গাজালির বক্তব্য :

فإن الفقيه هو الذي يعرف أحكام الله تعالى في أفعال الجوارح… أما أحوال القلب وما يطرقها من الصفات المذمومة والمحمودة، فذلك من علم الآخرة.

“ফকিহ হলেন তিনি, যিনি অঙ্গ-প্রত্যঙ্গের কাজের ব্যাপারে আল্লাহর বিধান জানেন। কিন্তু হৃদয়ের অবস্থা এবং এর দোষ-গুণাবলি পরকালীন জ্ঞানের (ইলমে আখিরাত) অন্তর্ভুক্ত।”

2 Timothy J. Winter (Abdal Hakim Murad) তাঁর ‘Introduction to Al-Ghazali’s Ihya’ তে দেখিয়েছেন কীভাবে গাজালি ‘ফিকহ’ শব্দটিকে তার আদি অর্থ (গভীর উপলব্ধি)-এ ফিরিয়ে নিতে চেয়েছেন, যা কেবল আইনি কাঠামো নয়, বরং আত্মিক উৎকর্ষকেও ধারণ করে।
3 গ্রিক দর্শনের প্রভাবে ঈমান যখন কেবল যুক্তির খেলায় পরিণত হচ্ছিল, তখন গাজালি المنقذ من الضلال এবং تهافت الفلاسفة গ্রন্থে এর ব্যবচ্ছেদ করেন।

গাজালির অবস্থান :

أما الإلهيات ففيها أكثر أغاليطهم… وما هي إلا تخمينات وظنون.

“ইলাহিয়াত বা অধিবিদ্যার ক্ষেত্রে তাদের (দার্শনিকদের) অধিকাংশ ভুল… এগুলো অনুমান ও ধারণা ছাড়া আর কিছুই নয়।”

4 Frank Griffel তাঁর ‘Al-Ghazali’s Philosophical Theology’ গ্রন্থে দেখিয়েছেন, গাজালি দর্শনকে পুরোপুরি বর্জন করেননি, বরং ‘মায়িরুল ইলম’ এর মাধ্যমে লজিককে ইসলামি জ্ঞানতত্ত্বের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন যাতে অন্ধ অনুকরণের (Taqlid) অবসান ঘটে।
5 সুফিদের ব্যক্তিগত অভিজ্ঞতা (ذوق) যখন শরিয়ার সীমানা লঙ্ঘন করছিল, তখন গাজালি ‘সুফি অভিজ্ঞতা’ ও ‘نصوص’ (Text)-এর মধ্যে ভারসাম্য আনেন।

আল মুনকিজ মিনাদ দালালে গাজালির উপলব্ধি:

وعلمت يقيناً أن الصوفية هم السالكون لطريق الله خاصة، وأن سيرتهم أحسن السير، وطريقهم أصوب الطرق.

“আমি নিশ্চিতভাবে জেনেছি যে, সুফিরাই আল্লাহর পথের পথিক। তাদের জীবনপদ্ধতি সর্বোত্তম এবং তাদের পথই সবচেয়ে সঠিক।”

ড. তহা আবদুর রহমান তাঁর ‘تجديد المنهج’ গ্রন্থে গাজালির এই অবদানকে ‘পরিবারভুক্তকরণ’ হিসেবে দেখিয়েছেন—যেখানে সুফিবাদ আর কোনো সমাজবিচ্ছিন্ন আধ্যাত্মিকতা নয়, বরং শরিয়ার প্রাণশক্তি হিসেবে কাজ করে।

6 আধুনিক চিন্তাবিদদের ভাষায় এই সংকটটি ছিল বহুমুখী।

তারিখে দাওয়াত ও আজিমত গ্রন্থে আলি মিয়া নদভি উল্লেখ করেন যে, গাজালি কেবল একজন আলেম ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ‘মুজাদ্দিদ’। তিনি গ্রিক দর্শনের আক্রমণ থেকে ইসলামকে রক্ষা করে একে অভিজ্ঞতালব্ধ বিশ্বাসের (Intuitive certainty) স্তরে উন্নীত করেছেন।

আল গাজালি গ্রন্থে শিবলি দেখিয়েছেন কীভাবে গাজালি ‘ইলমুল কালাম’কে নিছক বিতর্ক থেকে সরিয়ে বিশ্বাসের দৃঢ়তায় রূপান্তরিত করেছেন।

A History of Islamic Legal Theories গ্রন্থে হাল্লাক গাজালির المستصفى গ্রন্থকে আইনি দর্শনের এক অনন্য মাইলফলক হিসেবে গণ্য করেন, যেখানে তিনি প্রথমবার উসুলুল ফিকহকে যুক্তিবিদ্যার (Logic) ওপর ভিত্তি করে দাঁড় করিয়েছেন।

7 ইমাম গাজালির ইজতিহাদ কোনো খণ্ডকালীন সমাধান ছিল না। Dr. Majid Arsan al-Kilani তাঁর ‘The Methodology of Imam al-Ghazali’ গ্রন্থে দেখিয়েছেন: গাজালি ‘ইলম’ (Knowledge), ‘হাল’ (State) এবং ‘আমল’ (Action)—এই তিনের মধ্যে যে বিচ্ছিন্নতা (Fragmentation) তৈরি হয়েছিল, তা জোড়া লাগিয়েছেন।

“Knowledge without action is vanity, and action without knowledge is insanity.”

8 গাজালি তাঁর ‘ইহয়া’-র প্রথম খণ্ড (কিতাবুল ইলম)-এ জ্ঞানের যে নতুন শ্রেণিবিন্যাস করেছেন, তা  ‘নর্মেটিভ ফোর্স’ দাবির প্রধান দলিল। তিনি জ্ঞানকে علم المعاملة (আচরণগত জ্ঞান) এবং علم المكاشفة (উন্মোচনমূলক জ্ঞান)-এ ভাগ করেন।

গাজালির টেক্সট (ইহয়া):

إنما العلم ما أورث الخشية، فكل علم لا يورث الخشية فهو وبال على صاحبه.

“প্রকৃত জ্ঞান তাই যা (হৃদয়ে) খোদাভীতি উৎপাদন করে; যে জ্ঞান আল্লাহভীতি আনে না, তা জ্ঞানীর জন্য বিপদ বা বোঝার স্বরূপ।”

ইবনে আসাকির তার تبيين كذب المفتري গ্রন্থে গাজালির এই অবস্থানকে সমর্থন করে দেখিয়েছেন যে, গাজালি আশআরি কালামশাস্ত্রকে শুধুমাত্র বিতর্কের হাতিয়ার থেকে সরিয়ে আত্মার প্রশান্তির স্তরে নিয়ে গেছেন।

9 গাজালির কাছে আমল কেবল ‘আইনি বৈধতা’ (Legality) নয়। তিনি ‘আল-মুনকিজ’-এ পরিষ্কার করেছেন যে, দর্শন বা কালামশাস্ত্র পড়ে যা অর্জিত হয় না, তা কেবল ‘আমল’ বা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব।

গাজালির টেক্সট (আল-মুনকিজ):

وعلمت يقيناً أنهم أرباب الأحوال، لا أصحاب الأقوال… والفرق بين أن تعلم حد الزهد وبين أن تكون زاهداً.

“আমি নিশ্চিতভাবে বুঝেছি যে, তাঁরা (সুফিরা) অবস্থার (হাল) অধিকারী, কেবল কথার (কওল) নয়। ‘জুহদ’ বা দুনিয়াত্যাগের সংজ্ঞা জানা আর স্বয়ং দুনিয়াত্যাগী হওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।”

হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ এই ‘আমল-হাল’ সম্পর্ককে আরও ব্যাখ্যা করেছেন। তিনি গাজালির এই ইজতিহাদকে ‘শরিয়ার রহস্য’ উন্মোচন হিসেবে দেখেন, যেখানে বাহ্যিক কাজ এবং অভ্যন্তরীণ রিফ্লেক্স একে অপরের পরিপূরক।

10 ইমাম গাজালির ইজতিহাদের সবচেয়ে আধুনিক দিক হলো তার ‘রুবউ আল-মুহলিকাত’ (ধ্বংসাত্মক বিষয়াবলি) এবং ‘রুবউ আল-মুঞ্জিয়াত’ (মুক্তিবহ বিষয়াবলি)। এটি নিছক নীতিশাস্ত্র নয়, এটি একটি ‘এপিস্টেমিক সাইকোলজি’।  الحقيقة في نظر الغزالي গ্রন্থে  ড. সুলাইমান দুনিয়া দেখিয়েছেন কীভাবে গাজালি মানব মনের রিপুগুলোকে (নফস) ক্লিনিক্যাল নিখুঁততার সাথে বিশ্লেষণ করেছেন। গাজালির মতে, ‘তাকাব্বুর’ (অহংকার) কেবল পাপ নয়, এটি একটি Epistemic Barrier বা জ্ঞান অর্জনের পথে বাধা। কারণ অহংকারী মন সত্য গ্রহণ করতে পারে না।
11 ‘Feedback Loop’ ধারণাটিই মূলত গাজালির ‘আল-মুস্তাসফা’ এবং ‘মি’য়ার আল-ইলম’-এর উসুল বা মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
12 গাজালির ইজতিহাদি সারকথা:

  • ইলম (Knowledge): লক্ষ্য স্থির করে।
  • আমল (Action): নফসকে প্রস্তুত করে।
  • হাল (State): হৃদয়ে আলোর (নূর) বিচ্ছুরণ ঘটায়।
  • মারিফা (Gnosis): এই নূরের মাধ্যমে সত্যকে প্রত্যক্ষ করে, যা আবার আমলকে আরও দৃঢ় করে।
  • (الإمام الغزالي بين مادحيه وناقديه) গ্রন্থে কারজাভি উল্লেখ করেছেন, গাজালি ফিকহকে ‘শুষ্ক আইন’ থেকে বের করে এনে তাকে ‘আখিরাতের পথে’র পাথেয় হিসেবে পুনর্গঠন করেছেন। এটিই ছিল তাঁর সময়ের সবচেয়ে বড় ইজতিহাদ।
13 গাজালি এটিকে তাঁর مشكاة الأنوار  এবং الأربعين في أصول الدين গ্রন্থে সুবিন্যস্ত করেছেন।

গাজালির অবস্থান:

الظاهر عنوان الباطن.

“বাহ্যিক আচরণ হলো অভ্যন্তরীণ অবস্থার শিরোনাম (Signifier)।”

Ghazali and the Poetics of Imagination গ্রন্থে ইব্রাহিম মুসা তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, গাজালি জাহির ও বাতিনকে একটি ‘ইন্টারফেস’ বা সংযোগস্থলে দাঁড় করিয়েছেন। জাহির ছাড়া বাতিন হলো বিশৃঙ্খলা (Chaos), আর বাতিন ছাড়া জাহির হলো নির্জীব প্রথা (Dead ritual)।

14 Normative–Teleological Structure-কে গাজালি তাঁর কিতাবগুলোতে ‘রূহ’ (Spirit) এবং ‘জাসাদ’ (Body)-এর রূপক দিয়ে বুঝিয়েছেন। ফিকহ বা জাহেরি জ্ঞান যদি শরীর হয়, তবে বাতেনি জ্ঞান বা তাসাউফ হলো তার প্রাণ। প্রাণহীন শরীর যেমন অকেজো, আবার শরীরহীন প্রাণও এই ভৌত পৃথিবীতে দৃশ্যমান নয়।
15 গাজালির ইজতিহাদ কেবল ফিকহের শাখা-প্রশাখায় ছিল না, বরং তা ছিল উসুলুল মা’রিফা বা জ্ঞানের গোড়ায়। তিনি মুসলিম উম্মাহকে শিখিয়েছেন যে—সত্যকে জানতে হলে কেবল লাইব্রেরিতে নয়, নিজের নফসের ভেতরেও সফর করতে হয়।
16 গাজালি তাঁর (المستصفى) গ্রন্থে উসুল বা মূলনীতি নিয়ে আলোচনা করলেও, ‘Ihya’-তে তিনি ফিকহের সীমাবদ্ধতা অত্যন্ত সাহসের সাথে তুলে ধরেছেন।

গাজালির টেক্সট (ইহয়া, কিতাবুল ইলম):

فالفقيه لا يتكلم في الإخلاص ولا في حضور القلب في الصلاة… بل يفتي بالصحة وإن كان المصلي غافلاً في جميع صلاته بقلبه.

“ফকিহ (আইনবিদ) ইখলাস বা সালাতে অন্তরের উপস্থিতি নিয়ে কথা বলেন না… বরং তিনি সালাত ‘সহিহ’ হওয়ার ফতোয়া দেন, যদিও মুসল্লি পুরো সালাতে গাফেল বা অন্যমনস্ক থাকে।”

গাজালি এখানে বোঝাতে চেয়েছেন যে, ফিকহ কেবল ‘মিনিমাম লিগ্যাল স্ট্যান্ডার্ড’ নিশ্চিত করে, কিন্তু পরকালীন মুক্তি বা আত্মিক উন্নতির গ্যারান্টি দেয় না।

17 “এই সহিহ আমল কি অন্তরকে শুদ্ধ করছে?”—এটিই হলো গাজালির ইজতিহাদের কেন্দ্রবিন্দু। এই চিন্তাকে দুজন  আধুনিক স্কলার  এইভাবে  চিত্রায়িত  করেছেন:

  • ড. তহা আবদুর রহমান تجديد المنهج গ্রন্থে  গাজালির এই কাজকে ‘একীকরণ’ (Integration) হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজালি এমন এক ‘বিবেকের ফিকহ’ (Fiqh of Conscience) তৈরি করেছেন যেখানে আইনি বৈধতা ও নৈতিক উচ্চতা সমান্তরালে চলে।
  • আল্লামা শিবলি নোমানি আল-গাজালি গ্রন্থে লিখেছেন যে, গাজালির আগে ফিকহ ছিল কেবল ‘বাদশাহি আদালত’ বা কাজি অফিসের বিষয়; গাজালি তাকে ‘আল্লাহর দরবারে’ কবুলিয়াতের বিষয় বানিয়ে দিয়েছেন।
18 গাজালির ইজতিহাদ কোনো খণ্ড সংস্কার নয়, বরং এটি একটি Epistemic Revolution। তিনি প্রমাণ করেছেন যে:

  • শরিয়া (জাহির) হলো বীজের খোসা, যা ভিতরের শাঁসকে রক্ষা করে।
  • হাকিকত (বাতিন) হলো সেই শাঁস বা প্রাণশক্তি।
  • খোসা ছাড়া শাঁস নষ্ট হয়ে যায়, আর শাঁস ছাড়া খোসা মূল্যহীন।
19 গাজালি যখন বলেন “যে জ্ঞান চরিত্র সংশোধন করে না, তা আসলে অজ্ঞতারই নামান্তর” তখন তিনি পুরো শিক্ষাব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেন। المنهجية العلمية عند الإمام الغزالي গ্রন্থে কিলানি দেখিয়েছেন, গাজালির এই জাহির-বাতিনের সমন্বয়ই পরবর্তীতে সালাহউদ্দিন আইয়ুবির প্রজন্মের ‘বৌদ্ধিক ভিত্তি’ তৈরি করেছিল। কারণ সমাজ তখন কেবল ‘নিয়ম মানা’ মুসলিম নয়, বরং ‘দায়িত্ববোধ সম্পন্ন’ মুমিন খুঁজে পেয়েছিল।  حجة الله البالغة গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহর ‘আসরারুদ দ্বীন’ বা ধর্মের রহস্যতত্ত্ব মূলত ইমাম গাজালির এই ‘টেলিওলজিক্যাল’ বা উদ্দেশ্যবাদী ইজতিহাদেরই একটি বিকশিত রূপ।
20 গাজালির সবচেয়ে বড় ইজতিহাদ ছিল যুক্তিবিদ্যাকে (Logic) কুফর বা বিদআতের তকমা থেকে মুক্ত করা। তিনি المستصفى গ্রন্থের ভূমিকায় একটি ঐতিহাসিক ঘোষণা দেন:

من لا يحيط بالمنطق فلا ثقة بعلومه أصلا.

“যার যুক্তিবিদ্যায় (মানতেক) দখল নেই, তার জ্ঞানের ওপর কোনো আস্থা রাখা যায় না।”

এটি ছিল তৎকালীন রক্ষণশীলদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক ধাক্কা। তিনি القسطاس المستقيم গ্রন্থে দেখিয়েছেন যে, যুক্তিবিদ্যার মূল সূত্রগুলো আসলে কুরআনের আয়াতসমূহের মধ্যেই নিহিত আছে।

21 গাজালি দর্শনের মেটাফিজিক্সকে ‘অনুমাননির্ভর’ (Conjectural) হিসেবে প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন যে, দার্শনিকরা যখন গণিত বা যুক্তির কথা বলে তখন তারা অকাট্য, কিন্তু যখনই তারা খোদা বা পরকাল নিয়ে কথা বলে, তখন তারা তাদের নিজেদের তৈরি করা যুক্তির মানদণ্ডই রক্ষা করতে পারে না।

গাজালির মূল বক্তব্য:

إن ما ذكروه في الإلهيات ليس ببرهاني، بل هو تخميني.

“অধিবিদ্যা বা ইলাহিয়াত সম্পর্কে তারা যা বলেছে তা অকাট্য প্রমাণ (Demonstrative proof) নয়, বরং তা নিছক অনুমান।”

22 ড. জাকি নজিব মাহমুদ তাঁর ‘তাজদিদুল ফিকরুল আরাবি’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, গাজালি গ্রিক নীতিশাস্ত্রকে (Ethics) সুফিবাদের ‘তাজকিয়া’র সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে, এখন আর বোঝার উপায় নেই কোনটি গ্রিক আর কোনটি ইসলামি। তিনি মূলত দর্শনকে আত্মার চিকিৎসার (Medicine of the soul) স্তরে নামিয়ে এনেছেন।
23 Al-Ghazali’s Philosophical Theology গ্রন্থে গ্রিফেল দেখিয়েছেন যে, গাজালি অ্যারিস্টটলের কসমোলজিকে গ্রহণ করে সেটিকে ‘আল্লাহর ইচ্ছাধীন’ (Occasionalism) কাঠামোর ভেতরে নিয়ে আসেন। এটিকেই বলা যায় “Intellectual Governance”।
24 বিশ্লেষণ অনুযায়ী গাজালির অবস্থানকে নিচের চিত্রের মতো করে কল্পনা করা যায়:

  • ওহি (Revelation): সার্বভৌম সত্য (Epistemic Sovereign)।
  • আকল (Reason/Logic): সত্যকে বোঝার ও প্রমাণের যন্ত্র।
  • কাশফ (Intuition): সত্যকে অনুভব করার মাধ্যম।
25 গাজালির পর থেকে ইসলামি দুনিয়ায় বিজ্ঞান বা দর্শনের যে ধারা চলেছে, তা আর শরিয়ার সমান্তরাল কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং শরিয়ার অনুগামী ছিল।   A History of Islamic Legal Theories গ্রন্থে হাল্লাক দেখিয়েছেন যে, গাজালির পর থেকে উসুলে ফিকহ বা ইসলামি আইনতত্ত্ব অনেক বেশি লজিক্যাল ও সিস্টেম্যাটিক হয়ে ওঠে। অন্যদিকে শাহ ওয়ালিউল্লাহ গাজালির এই সমন্বয়ী ধারাকেই পরবর্তীতে ‘আকলি’ ও ‘নাকলি’ (যুক্তি ও বর্ণনা) জ্ঞানের চূড়ান্ত সমন্বয় হিসেবে পূর্ণতা দেন।
26 গাজালি তাঁর المنقذ من الضلال গ্রন্থে দেখিয়েছেন যে, কেবল ইন্দ্রিয় বা কেবল যুক্তি মানুষকে ধোঁকা দিতে পারে। তাই তিনি ওহিকে ‘সর্বোচ্চ আলো’ হিসেবে সাব্যস্ত করেছেন।

গাজালির টেক্সট:

العقل ميزان صحيح، فأحكامه يقينية لا كذب فيها… ولكن لا تطمع أن تزن به أمور الآخرة.

“আকল বা যুক্তি একটি সঠিক দাঁড়িপাল্লা, এর সিদ্ধান্তগুলো নিশ্চিত ও সত্য… তবে একে দিয়ে পরকালীন বিষয়াদি পরিমাপ করার আকাঙ্ক্ষা করো না।”

Timothy J. Winter (Abdal Hakim Murad) গাজালির এই অবস্থানকে ‘Epistemic Humility’ হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তি এখানে সার্বভৌম নয়, বরং ওহির সত্যতা প্রমাণের হাতিয়ার।

27 গাজালি এটিকে  ইহয়া কিতাবে অত্যন্ত সুনিপুণভাবে বিন্যস্ত করেছেন। তিনি জ্ঞানকে ‘মাহমুদ’ (প্রশংসনীয়) ও ‘মাজমুম’ (নিন্দনীয়) ভাগে ভাগ করেন। চিকিৎসাবিজ্ঞান বা গণিতকে তিনি ‘ফরজে কিফায়া’ বা সামাজিক দায়বদ্ধতার অংশ করেছেন, আর আত্মশুদ্ধিকে করেছেন ‘ফরজে আইন’। الإمام الغزالي بين مادحيه وناقديه গ্রন্থে কারজাভি দেখিয়েছেন, গাজালির এই ইজতিহাদ উম্মাহকে শিখিয়েছে কোনটি ‘প্রয়োজনীয়’ আর কোনটি ‘বিলাসী’ জ্ঞান। এটি জ্ঞানচর্চায় একটি Value-based priority system তৈরি করে।
28 গাজালির মতে, জ্ঞানের উদ্দেশ্য তথ্য জমা করা নয়, বরং মানুষের ‘অস্তিত্বগত রূপান্তর’ (Ontological Transformation)। ইবনে কাইয়িম গাজালির ‘ইহয়া’ থেকে ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। তিনি দেখিয়েছেন যে, জ্ঞানের প্রতিটি ধাপ (ইলম) অবশ্যই একটি আধ্যাত্মিক অবস্থায় (হাল) রূপান্তরিত হতে হবে, অন্যথায় তা নিছক অহংকার বাড়ায়। Mustafa Abu Sway তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, গাজালির কাছে জ্ঞান হলো একটি ‘প্রক্রিয়া’ (Process), যা শুরু হয় তথ্য দিয়ে কিন্তু শেষ হয় ‘মা’রিফা’ বা খোদাপ্রেমের অনুভবে।
29 শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (র.) গাজালির এই ব্যক্তিগত রূপান্তরের দর্শনকে সামাজিক ও রাজনৈতিক দর্শনে উন্নীত করেন। তিনি গাজালির মতো করেই ‘আসরারুদ দ্বীন’ (ধর্মের রহস্য) এবং ‘ইরতিফাকাত’ (সভ্যতা গঠনের ধাপ)-এর কথা বলেন। গাজালি যেভাবে নফসকে শাসন করতে চেয়েছেন, শাহ ওয়ালিউল্লাহ সেভাবে সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে নৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চেয়েছেন।
30 ড. তহা জাবির আল-আলওয়ানির মতে, গাজালি মুসলিম মানসে যে Methodological discipline তৈরি করেছিলেন, তা-ই পরবর্তী ১০০০ বছর ইসলামি বুদ্ধিবৃত্তিক ধারাকে পথ দেখিয়েছে।
31 Alasdair MacIntyre তাঁর ‘After Virtue’-এ যেমন বলেছিলেন যে, নৈতিক ঐতিহ্য হারিয়ে গেলে সমাজ লক্ষ্যহীন হয়ে পড়ে; গাজালি তাঁর যুগে ঠিক সেই কাজটিই করেছিলেন—তিনি হারিয়ে যাওয়া ‘Moral Tradition’ বা নবীগণের উত্তরাধিকারকে পুনরায় ‘Reconstruct’ করেছিলেন।
32 ইমাম গাজালির ইজতিহাদ ছিল একাধারে Analytical এবং Synthetic। তিনি ব্যবচ্ছেদ করেছেন (Analysis) আবার নতুন রূপে গড়েছেন (Synthesis)। তাঁর এই ‘الإضافة الاجتهادية الأصيلة’ বা মৌলিক বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনই তাঁকে ইতিহাসের ‘হুজ্জাতুল ইসলাম’ বা ইসলামের অকাট্য দলিলে পরিণত করেছে।
33 এটি হলো ‘Knowledge Advancement’। গাজালির এই পদ্ধতিটি আধুনিক গবেষণার ‘Critical Theory’ বা ‘Phenomenology’-র সাথে তুলনীয়, যেখানে বিষয়ের গভীরে গিয়ে তার অন্তর্নিহিত সত্যকে উদঘাটন করা হয়। ড. তহা আবদুর রহমান তাঁর ‘تجديد المنهج’ গ্রন্থে এটিকে ‘তাকউইমি ইজতিহাদ’ বা গঠনমূলক ইজতিহাদ বলেছেন, যা বিদ্যমান ব্যবস্থার ত্রুটি সংশোধন করে তাকে নতুন প্রাণ দেয়।
34 তাঁর আগে ফুকাহাগণ ‘সালাত’ সহিহ হওয়ার জন্য বাহ্যিক শর্তাবলিকে চূড়ান্ত মনে করতেন। গাজালি ইজতিহাদ করে দেখালেন যে, বাহ্যিক শর্ত (জাহির) পূর্ণ হওয়া সালাতের ‘অস্তিত্ব’ নিশ্চিত করে, কিন্তু তার ‘উদ্দেশ্য’ বা মাকাসিদ পূর্ণ হওয়ার জন্য অন্তরের উপস্থিতি (বাতিন) অপরিহার্য। এটি ফিকহের সংজ্ঞায় একটি বিশাল মূল্য সংযোজন (Value addition)।

বিজ্ঞাপন

guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রাশেদ মুহাম্মাদ
রাশেদ মুহাম্মাদ
30 days ago

উপকৃত হলাম লেখাটি থেকে।
লেখককে বিশেষ ধন্যবাদ।

Abdullah kazi kazi
Abdullah kazi kazi
30 days ago

মাশাআল্লাহ খুবই চবৎকার লেখা আর লেখক এর চিন্তার ধারা এত বিস্তৃতি ভেবেই আশ্চর্য হচ্ছি আল্লাহ বারাকাহ দিন আমিন