শুক্রবারের কবিতা
যখন আমাদের বিয়ে হবে
আমরা কি তখনও শুক্রবারে দেখা করব?
আসমান হঠাৎ জুবুথুবু হয়া যাবে
তুমি নীলক্ষেতে ভিজে যাবা!
যেদিন আমরা বিবাহিত
সেদিনও কি কেউ কল দিয়া বলবে
আপনার নামে একটা চিঠি আসছে!
একটা খামের ভিতর তোমার ধড়ফড় দিল
আমি সেই দিলের মালিক—
আমাদের বিবাহ যখন হয়ে যাবে
ফাঁকা লিফটে চুমু খাব না?
ভাপ ওঠা ভাতের লাগান বিষ্টি পড়তেছে
তুমি যে আমারে ভুইলাই গেছো
জীবনের এই তাচ্ছিল্যটুক
তোমার মনে পড়ে না?
স্বামী মরে যাওয়া মেয়েটার মনের লাগান
আকাশ কালো হয়ে আসতেছে
যে নাম তোমার মনে পড়ে না
তার সব বদনাম নিয়ে
না থামা বিষ্টির দিকে তাকায়া আছি
শুক্রবারের কবিতা
সবাই জানে, তাও
কাউরেই বলা যাবে না এই শরম
আমাদের দিকে আগায়া আসতেছে শুক্রবারের বিকাল
আজ নীলক্ষেতে জ্যাম নাই, আজ সরকারি ছুটি
গোশত কষার ঘ্রাণে আউলা হয়ে আছে মহল্লার বাতাস
আমারই নিকেশ ছোট হয়া আসতেছে খালি
আজ রাস্তায় তাড়াহুড়া নাই
তাও মউতের আগে দৌড়াইতে থাকব আমি
একটা সস্তা গলির মুখে তুমি দাঁড়ায়া আছো সোনা
পিরিতির কসম খায়া
আমারে বানাইছো তোমার কুল কায়েনাত
আজ শাদা শাদা খুতবার আলো,
আজ রোকেয়া হলের গেটে ঈদ ঈদ মৌসুম
শুক্রবারের কবিতা
আমারে বিরহ দিও না
আমি তো পিরিতেই মইরা যাব সই!