বাংলাদেশে শহিদ ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্ন

হাসনাত হাসান রাহাত

বাংলাদেশ হলো এমন একটি দেশ, যার সংস্কৃতির ইতিহাস হাজার বছরের প্রাচীন ও বহুমাত্রিক। প্রাগৈতিহাসিক যুগের নেগ্রিটো, অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর সাংস্কৃতিক উত্তরাধিকার থেকে শুরু করে মধ্যযুগের ইলিয়াস শাহী বংশের বাঙালি রাষ্ট্রচিন্তা এবং আধুনিক যুগের স্বাধীন বাংলাদেশপন্থী চেতনা—সব মিলিয়ে এ ভূখণ্ডে গড়ে উঠেছে এক বিস্তৃত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ধারাবাহিকতা। এই সংস্কৃতি কেবল লোকপ্রিয় উৎসব বা শিল্প-সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তা রাজনৈতিক চিন্তা, সামাজিক মূল্যবোধ ও প্রতিবাদের ভাষা হিসেবেও সুপ্রতিষ্ঠিত। এই দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের আধুনিক ধারক-বাহক হিসেবে আবির্ভূত হন এক অপ্রতিরোধ্য তরুণ, উদ্যমী ও চিন্তাশীল নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তিনি সংস্কৃতিকে শুধু বিনোদন বা আনুষ্ঠানিক চর্চার গণ্ডিতে আবদ্ধ রাখতে চাননি। তিনি একে নৈতিকতা, ইনসাফ ও রাজনৈতিক শুদ্ধতার সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল এমন এক রাজনৈতিক সংস্কৃতি থাকবে—যেখানে দুর্নীতিমুক্ত, ইনসাফ ও জনগণের স্বার্থকে প্রধান্য দেওয়া হবে। এই প্রবন্ধে শহীদ ওসমান হাদির সেই সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্ন, তার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণের প্রচেষ্টা করেছি।

শহীদ ওসমান হাদি ছিলেন একজন চিন্তাশীল যুবনেতা, শিক্ষক ও সংগঠক। ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটিতে মওলানা শরীফ আবদুল হাদির পরিবারে জন্মগ্রহণ করেন। ৬ ভাই-বোনের মধ্যে শহীদ ওসমান হাদি সবার ছোট।[1]https://dhakamail.com/country/273494. পরিবারের  প্রায় সদস্যরা মাদ্রাসা শিক্ষার সাথে সংযুক্ত ছিলেন। ফলে শহীদ ওসমান হাদির পড়াশোনার যাত্রাটা শুরু হয় মাদ্রাসা দিয়েই। তিনি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।[2]https://bangla.bdnews24.com/politics/40392302ea6f. পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স (IUS)-এ ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২৪-এর জুলাই বিপ্লবে রামপুরা এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিপ্লব পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের গণহত্যার বিচার চেয়ে এবং আধিপত্যবাদ বিরোধী ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন “ইনকিলাব মঞ্চ” প্রতিষ্ঠার মাধ্যমে সবার নজরে আসেন।[3]https://www.kalerkantho.com/online/Politics/2025/03/16/1493064.

শহীদ ওসমান হাদির চোখে সংস্কৃতি ছিল সমাজ রূপান্তরের মৌলিক হাতিয়ার। তিনি মনে করতেন, কেবল আইন বা প্রশাসনিক কাঠামো দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। বরং মানুষের চিন্তা, রুচি ও মূল্যবোধের পরিবর্তন অপরিহার্য। এক বক্তৃতায় তিনি বলেন, “রাজনীতি যদি মানুষের মননে জায়গা না পায়, আর সংস্কৃতি যদি মানুষের জীবনের সঙ্গে যুক্ত না থাকে, তবে কোনো আন্দোলনই টেকসই হতে পারে না”। এই বিশ্বাস থেকেই তিনি সাহিত্য, কবিতা, নাটক ও অন্যান্য সৃজনশীল মাধ্যমকে জনগণের রাজনৈতিক চেতনা জাগরণের কার্যকর উপায় হিসেবে দেখতেন। তাঁর মতে, “সংস্কৃতি হচ্ছে নিপীড়িত মানুষের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ, কারণ একে দমন করা সবচেয়ে কঠিন”। তাঁর বক্তব্য ও লেখায় বারবার উঠে এসেছে ইনসাফের কথা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, সংস্কৃতি যদি জনগণের দুঃখ-দুর্দশা ও স্বপ্নকে ধারণ করতে পারে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধের ভাষা হয়ে উঠবে।

বাংলাদেশের সমাজ-বাস্তবতায় সাম্প্রদায়িকতা, ভোগবাদ ও সাংস্কৃতিক সংকীর্ণতা ক্রমেই শক্তিশালী হচ্ছে। এই বাস্তবতা ওসমান হাদিকে গভীরভাবে ভাবিত করত। তিনি মনে করতেন, রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক জাগরণ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এ কারণেই তিনি সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই সংকট মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। তাঁর মতে, তরুণদের বইপড়া, বিতর্কচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। সংস্কৃতিকে তিনি দেখতেন সমাজের আত্মিক পুনর্গঠনের মাধ্যম হিসেবে।

ওসমান হাদি বিশেষভাবে বিশ্বাস করতেন যুবসমাজের শক্তিতে। তাঁর স্বপ্নের সাংস্কৃতিক আন্দোলনে যুবকরাই হবে প্রধান চালিকাশক্তি। এক আলোচনায় তিনি উল্লেখ করেন, “যে সমাজ তার তরুণদের কেবল ভোক্তা বানায়, সে সমাজ কখনো মুক্ত হতে পারে না”। তিনি মনে করতেন, তরুণদের যদি ভোগবাদী সংস্কৃতি থেকে বের করে চিন্তাশীল ও মানবিক সংস্কৃতির দিকে ধাবিত করা যায়, তবে সমাজে টেকসই পরিবর্তন আসবে। এই ধারণা থেকেই তিনি ১৩ আগস্ট ২০২৪ সালে “ইনকিলাব মঞ্চ” নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির অফিস ঢাকার বাংলামোটরে অবস্থিত ছিল। সেখানে প্রায় সময় বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতি বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত হতো। অফিসটিকে তিনি একটি পূর্ণাঙ্গ কালচারাল সেন্টারে রূপান্তরিত করেন। বিভিন্ন প্রকাশনার সহায়তায় সেন্টারটিকে বই-পুস্তকে সমৃদ্ধ করে একটি লাইব্রেরি গড়ে তোলেন। এই কেন্দ্রে আধিপত্যবাদবিরোধী চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক দেশগঠনের নিয়মিত চর্চা হতো।[4]https://inqilabmoncho.org/category/programs/page/5/. সংগঠনটি সারাদেশে প্রায় ৪৫টির মতো প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে ২৪-এর জুলাই বিপ্লবকে জীবিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে একটি শক্তিশালী সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে সহায়তা করে।

তবে ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের পথে ছিল বহু বাধা। মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা, সাংস্কৃতিক অবকাঠামোর অভাব এবং জনসাধারণের রাজনৈতিক সচেতনতার ঘাটতি—সব মিলিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে ওঠে। ইতোমধ্যে তিনি একাধিক প্রভাবশালী রাজনৈতিক দলের সমালোচনার মাধ্যমে তাঁদের দৃষ্টিগোচর হন। প্রতিনিয়ত নানামুখী বাধার মুখোমুখি হয়েও তিনি নিজেকে এক অপ্রতিরোধ্য নদীর শক্তিশালী স্রোত হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেন। বরং এসব সীমাবদ্ধতাই তাঁর সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্নকে আরও বেশি প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় জুমার পর ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচরণা শেষে বাসায় ফিরতে চলন্ত রিকশায় সন্ত্রাসী কতৃক গুলিবদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এ অদম্য বীর ১৮ ডিসেম্বর, মাত্র ৩২ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান।[5]https://www.hadiarchive.com/. শহীদ ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে তাঁর স্বপ্নের অবসান ঘটেনি। বরং তাঁর চিন্তা ও আদর্শ আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে। সোস্যাল মিডিয়া, সাংস্কৃতিক আয়োজনে তাঁর ভাবনার প্রতিফলন দেখা যায়। তিনি প্রমাণ করেছেন, একজন মানুষ তার জীবন দিয়ে একটি ধারণাকে অমর করে তুলতে পারে।

শহীদ ওসমান হাদি ছিলেন এক সাংস্কৃতিক স্বপ্নদ্রষ্টা, যিনি রাজনৈতিক মুক্তির সঙ্গে সাংস্কৃতিক জাগরণকে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করেছিলেন। তাঁর কল্পিত বাংলাদেশ ছিল মানবিক, যুক্তিবাদী ও সংস্কৃতিবান রাষ্ট্র। আজকের বাংলাদেশে যখন সাংস্কৃতিক সংকট গভীরতর হচ্ছে, তখন ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্ন আমাদের জন্য নতুন করে দিশা দেখায়। তাঁর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব।

তথ্যসূত্র:

তথ্যসূত্র:
1 https://dhakamail.com/country/273494.
2 https://bangla.bdnews24.com/politics/40392302ea6f.
3 https://www.kalerkantho.com/online/Politics/2025/03/16/1493064.
4 https://inqilabmoncho.org/category/programs/page/5/.
5 https://www.hadiarchive.com/.

বিজ্ঞাপন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments