পিয়াস মজিদের তিনটি কবিতা

পিয়াস মজিদ

মর্ম


সন্ধ্যা হতে না হতে

ডুবেছে শরীর

সূর্যের আগে।

নিজ নিজ

ছায়া তুলে রাখো

আজকের মতো,

তারাক্ষতে ছাওয়া আকাশ

আমাদের ঠোঁটের চেয়ে 

নয় বেশি অধরা।

দুনিয়া গরাদখানা,

সব প্রেমখাটা আসামী।

সকাল হতে না হতে

ভালো করে গুনে দেখি

পাখি ডাকছে ঝাঁকে ঝাঁকে

নাকি অনন্ত একাকি?

 


বৃত্তায়িত


যেখানেই থাকি

সন্ধ্যা হয়,

যেভাবে সকাল।

স্মৃতির মতো প্রাচীন মদে

অধ্যুষিত সাগর-সরোবর,

আর যাই না পানি-পথে তাই;

শুধু সন্ধ্যা হই

প্রেতের প্রেম দেখি

তমসার শেকড়ে

তারার শিখরে।

এভাবে সকালও হবো

অথবা

সন্ধ্যায় থেমে যাবো।

 


আস্তীর্ণ


খুব শীত

কুয়াশারঙিন

অর্গ্যানিক।

তোমার দিকে

হিমসফর, হামসফর।

মনের ভেতর বনের মতো ক্যাম্প ফেলে

যে মৃত্যু এখনও বরণ করিনি সেই কফিনে 

তুষার কিন্তু জমে গেছে।

জানুয়ারির দিনগুলি এবং রাতগুলি

কার চিঠি এসেছে অলীক ডাকঘরে?

আগুনের অন্তর থেকে ঝরছে বরফ

পাতায় পাতায়, অক্ষরে।

নীল পাহাড়, লাল মাটি

শিশিরে ভেজা দুনিয়াদারি,

আকাশের পরনেও দেখি

সিক্ত এক নীল শাড়ি।

খুব শীত

কুয়াশারঙিন

অর্গ্যানিক।

বিজ্ঞাপন

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রাঙা তাসনিম
রাঙা তাসনিম
3 months ago

পড়লাম। ধন্যবাদ।