আতিক ফারুকের তিনটি কবিতা

আতিক ফারুক

০১.

যেন এ এক ভাবনাহীন অকালমেঘোদোয়

কোনোভাবেই থামছে না, 

চিরকাল উষ্ণতার খোঁজে 

অথচ বিমর্ষ অশ্লীল যাপন

আমার আর কোনো ভাবনা নেই

 

আমি যে পথ দিয়ে তোমাকে দেখি—

তোমার কী করুণ একটি উল্লোসিত মুখ

বারবার পেছন ফিরে তাকিয়ে থাকে 

আমার মনে হয়—

কেবল হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ ছাড়া 

কেউ কারো সঙ্গী হতে পারে না

 

তোমার যে চোখের আলো

আমাকে জাগিয়ে তোলে প্রতিদিন 

আমি কোনোকিছু না ভেবেই তোমার সঙ্গে

দীর্ঘ একটি সংসার পেতে বসে আছি।

 

০২.

তুমিও আলেকজান্দ্রিয়া 

তুমিও ক্লিওপেট্রা

তুমিও সেই প্রাচীন দূর্গের মতো

যাকে আঁকড়ে ধরে বেঁচে আছে

হাজার বছরের প্রতিকূল আকাঙ্ক্ষা

 

আর আমি—

তোমার মনের গভীর অলিন্দে

ধীরে ধীরে একটি পেয়ারা বাগান।

 

০৩.

তবু ঘুমের কুয়াশা ভেদ করে

যে নরম একটি হাওয়া এসে আমাকে জাগিয়ে তোলে

প্রতিদিন তাই এ জানলার কথা আমি তোমাকে বলি

আমার বড় বিষণ্ন দিন

আমার বড় অস্বস্তিতে ছেয়ে থাকা জীবন

তবু একটিমাত্র জানলা আমাকে বলে

জীবন ততদিনে অনেকখানি বেঁকে যায়

তুমি নিজের সঙ্গে খুব একা একা কথা বলো।

বিজ্ঞাপন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments