সমকালীন বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে শহীদ শরিফ ওসমান হাদি এক অনন্য ও ব্যতিক্রমী উপস্থিতি। তিনি ছিলেন এমন এক তরুণ, যার মধ্যে চিন্তা ও সংগ্রাম, কবিতা ও রাজনীতি, আত্মিক সাধনা ও রাজপথের লড়াই—সবকিছু এক অভিন্ন মোহনায় মিলিত হয়েছিল। তাকে কেবল একজন রাজনৈতিক কর্মী বা রাজপথের যোদ্ধা হিসেবে দেখলে তার ব্যক্তিত্বের গভীরতা ও বিস্তৃতি ধরা পড়বে না। তাকে সম্পূর্ণরূপে বুঝতে হলে তাঁর চিন্তার উৎস, আদর্শিক অবস্থান এবং কর্মের অন্তর্নিহিত দর্শন অনুধাবন করা জরুরি।
হাদির চিন্তাজগৎ গড়ে উঠেছিল ইসলামী ন্যায়বোধকে কেন্দ্র করে—যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রশ্নগুলো আলাদা কোনো পরিসরে নয়; বরং একটি অবিচ্ছিন্ন নৈতিক কাঠামোর মধ্যেই পরস্পরের সঙ্গে সংযুক্ত। তার কাছে ইসলাম কেবল আচার-অনুশীলনের ধর্ম নয়, বরং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক সক্রিয় দায়িত্ববোধ। এই দৃষ্টিভঙ্গিই তাকে বুদ্ধিবৃত্তিক বিতর্কের পরিসর থেকে রাজপথের বাস্তব সংগ্রাম পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তার চিন্তা ও কর্মকে একটি সুসংহত রূপ প্রদান করেছিল।
হাদির চিন্তার উৎস ও প্রেরণা
হাদির লেখালেখি, বক্তব্য ও কার্যক্রম থেকে সুস্পষ্ট যে, তার চিন্তায় ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত-বন্দেগির সীমিত গণ্ডিতে আবদ্ধ নয়। তিনি ইসলামকে দেখতেন জাতীয় জীবনে সাংস্কৃতিক সংগ্রামের হাতিয়ার হিসেবে। তিনি বলতেন, ‘আমি পাঞ্জাবি এজন্য পরি না যে এতে সওয়াব হবে; আমি পাঞ্জাবি পরি একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসাবে।’ এই কথায় স্পষ্ট, হাদির চিন্তায় ইসলাম ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের পথ।
হাদির চিন্তা কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ভাবনা থেকে গভীরভাবে প্রভাবিত ছিল। তিনি যে নজরুলের বিদ্রোহী ভাবাদর্শের একান্ত অনুরাগী, এটা তিনি কথা ও কাজের মধ্য দিয়ে স্বীকার করেছেন।
হাদিকে আমরা একজন রাজনৈতিক কর্মী ও তার্কিক হিসেবে আবিষ্কার করলেও তিনি একজন কবি এবং আবৃত্তিকারও ছিলেন। তার কবিতায় ছিল দ্রোহের সুর। আবৃত্তির ক্ষেত্রেও তিনি প্রেমের চেয়ে দ্রোহের কবিতাই বেশি পছন্দ করতেন। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তিনি যখন আবৃত্তি করতেন, মনে হতো শব্দ নয়, গভীর বিশ্বাস থেকেই তিনি তা উচ্চারণ করছেন।
আল্লামা ইকবাল প্রার্থনা করেছিলেন—‘ইয়া রব দিলে মুসলিম কো ওহ যিন্দা তামান্না দে / জু কলব কো গরমা দে, জু রূহ কো তড়পা দে’ (প্রভু, মুসলমানের হৃদয়ে এমন সজীব স্পৃহা দান করো, যা হৃদয়কে উত্তপ্ত করবে আর আত্মাকে ব্যাকুল করে তুলবে)। হাদি ছিলেন ইকবাল-কল্পিত জাগ্রত হৃদয়েরই জীবন্ত প্রতিচ্ছবি।
ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশীলন
ব্যক্তিজীবনেও হাদি যথাসম্ভব ইসলামের অনুশীলন করতেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সংসদসদস্য পদে নির্বাচনের জন্য তিনি যখন প্রচারণায় নামেন, তখনও তার দৈনন্দিন রুটিনে এই নীতি স্পষ্টভাবে প্রতিফলিত হতো। সাধারণত সবাই সকাল দশটার পর শুরু করলেও হাদি ফজরের নামাজের পরপরই মাঠে নেমে পড়তেন, যেন তার দিনের শুরুই হয় আল্লাহর সান্নিধ্য ও ইবাদতের মধ্য দিয়ে। ফজর বাদ ক্যাম্পেইনে তার পরিধানে থাকত লুঙ্গি-পাঞ্জাবি এবং টুপি—বাংলাদেশের গ্রাম-শহরের পরিচিত সেই চিত্র, যা একজন নিষ্ঠাবান ও প্রথানুগত মুসল্লির প্রতীকী রূপ। এই অবয়ব তাকে আমাদের চিরচেনা ধার্মিক তরুণদেরই মূর্ত প্রতীক করে তুলেছিল, যারা আধুনিকতার ছাঁচে ঢালাই হলেও তাদের প্রাণস্পন্দন খুঁজে পায় দৈশিক সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের মধ্যে। তিনি ছিলেন সাদামাটা জীবনের এক অনন্য উদাহরণ, যেখানে ব্যক্তি হাদি ও নেতা হাদির মধ্যে কোনো বিভাজন-রেখা ছিল না।
সাংস্কৃতিক আন্দোলন
হাদি তরুণ প্রজন্মকে সবসময় সাংস্কৃতিক দৃঢ়তা অর্জনের প্রতি উৎসাহিত করতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, সংস্কৃতি মানুষের চিন্তা ও মননকে গভীরভাবে প্রভাবিত করে এবং সামগ্রিক বয়ান নির্মাণে মুখ্য ভূমিকা পালন করে। এই সাংস্কৃতিক জাগরণের ধারণা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন ‘ইনকিলাব মঞ্চ’ ও ‘ইনকিলাব কালচারাল সেন্টার’। একই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ‘শাহবাগি’ মনোভাবের বিরোধিতা করতেন। এখানে উল্লেখ্য, ‘শাহবাগি’ বলতে হাদি কেবল ২০১৩ সালের একটি নির্দিষ্ট আন্দোলনকারী গোষ্ঠীকে বোঝাননি; বরং তার বিচারে এটি ছিল একটি স্বৈরতান্ত্রিক ও ইসলামবিদ্বেষী রাজনৈতিক-সাংস্কৃতিক প্রবণতা, যা ইসলামকে জনপরিসরে নেতিবাচক ও বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করত। হাদির এই বিরোধিতা তাই মূলত ইসলামের প্রতি সুনির্দিষ্ট দুষ্প্রচার ও বৈরী বয়ানের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক প্রতিরোধ ছিল।
তার মতে, ইসলামবিরোধী এমন ধারার মুখোমুখি হয়ে সাংস্কৃতিক আন্দোলনকে জয়ী করতে হলে তরুণদের বহুমুখী জ্ঞান ও দক্ষতায় সজ্জিত হতে হবে। তিনি তরুণদের নিজ নিজ আগ্রহের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের পারদর্শিতা অর্জনের ওপর বিশেষ জোর দিতেন। তার ভাষায়, তরুণদের উচিত তথ্য-প্রযুক্তির মতো সময়োপযোগী ক্ষেত্রে গভীর জ্ঞানার্জন করা, বাংলার পাশাপাশি ইংরেজি, আরবি, স্প্যানিশ প্রভৃতি ভাষায় লেখা ও বলার দক্ষতা উন্নত করা, এবং সরকারি চাকরির প্রচলিত প্রত্যাশা থেকে বের হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলা—যাতে তারা চাকরির অনুসন্ধানকারী না হয়ে চাকরির সুযোগ সৃষ্টিকারী হয়ে উঠতে পারে।
ইনসাফের লড়াই : হাদির জীবনদর্শনের কেন্দ্রীয় স্তম্ভ
হাদির ইসলামী দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রবিন্দু ছিল ইনসাফ বা ন্যায়বিচার। তার দৃঢ় বিশ্বাস ছিল, কোনো সমাজে জুলুম বিদ্যমান থাকলে সেখানে ইসলামের পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়িত হয় না। তার মতে, একজন সত্যিকারের মুমিনের প্রধান দায়িত্বই হলো জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে দাঁড়ানো। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল এই ন্যায়বিচারভিত্তিক ইসলাম চর্চারই প্রতিফলন।
তিনি তরুণ প্রজন্মের কাছে যে অমূল্য বার্তাগুলো রেখে গেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ন্যায়ের প্রশ্নে অকুতোভয় ও আপসহীন থাকার আহ্বান। তার দৃষ্টিতে, তরুণদের উচিত যে কোনো রাজনীতিবিদ বা নীতিকে যুক্তির আলোকে প্রশ্ন করা এবং চোখ বুজে অন্যায় সহ্য করার সংস্কৃতির ইতি টানা।
কুরআন ও সুন্নাহ ন্যায়বিচারের বার্তায় পরিপূর্ণ। ইনসাফ প্রতিষ্ঠা ইসলামের অন্যতম মৌলিক নীতি। ইনসাফ প্রতিষ্ঠার বাস্তব দৃষ্টান্ত বিদ্যমান রয়েছে নবী করিম (সা.)-এর সীরাত ও খোলাফায়ে রাশেদীনের জীবনাদর্শে। মদীনা সনদ থেকে শুরু করে আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.), আলী (রা.) এবং উমর ইবনে আবদুল আজিজ (রা.)-এর শাসনামল ন্যায়বিচারের এমন গভীর ও কার্যকর বাস্তবায়নের নজির স্থাপন করে। ধারণা করি, হাদি পারিবারিক ঐতিহ্য ও মাদরাসা শিক্ষার মাধ্যমে ইসলামের এই নীতি দ্বারা প্রভাবিত ছিলেন।
বৈষম্যের অবসান ও ইনসাফ প্রতিষ্ঠার ডাক হাদিকে রাজপথে টেনে এনেছিল। জুলাই আন্দোলনে তার অংশগ্রহণও ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনেরই আকাঙ্ক্ষা থেকে। সমাজের এক শ্রেণিকে অতিরিক্ত সুবিধাদান ও অপর শ্রেণির সঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়। ইনসাফ কায়েমের স্বপ্ন থেকে হাদি এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৫ই আগস্টের পরও তিনি তার এই মিশন চালিয়ে যান।
বাংলাদেশে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে বহু রকমের বৈষম্য বিদ্যমান। হাদি নিজেও যেহেতু উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত একজন মাদরাসা শিক্ষার্থী ছিলেন, ফলে তিনি নিজেও বিষয়টি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতেন। ব্যক্তিগত উপলদ্ধি কিংবা সামগ্রিক ন্যায়ের চেতনা থেকে তিনি মাদরাসা শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেন। জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা যখন বিস্মৃতির আড়ালে ঢাকা পড়ছিল, হাদি তখন বারবার তাদের অবদান স্মরণ করতেন।
শুরু থেকে স্পষ্টতই হাদির ইনসাফের লড়াইয়ের প্রধান প্রতিপক্ষ ছিল ‘শাহবাগি’ ধারা—যাকে তিনি বাংলাদেশের জাতীয় জীবনে এক গভীর ক্ষতস্বরূপ ও দীর্ঘমেয়াদী স্বৈরতন্ত্রের পথপ্রশস্তকারী হিসেবে চিহ্নিত করতেন। তার ভাষায়, ‘যেদিন পুরো শাহবাগ ক্ষমা চেয়ে শাপলা গণহত্যার বিচার চাইবে, সেদিন ইনসাফের শুরু হবে।’
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, জালিমের সামনে সত্যোচ্চারণ করা এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করাই হলো সর্বোচ্চ স্তরের জিহাদ। তার কাছে ইনসাফ কোনো শুষ্ক আইনি পরিভাষা ছিল না, বরং এটি ছিল তার অস্তিত্বেরই সারসত্য।
ইনসাফ প্রতিষ্ঠায় তিনি কতটা ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন, তা ফুটে ওঠে এই মন্তব্যের মধ্য দিয়ে—‘আমি যখন ইনসাফের লড়াইটা করি, তখন তো সেখানে পরাজয়ের কিছু নেই। আমি বেঁচে থাকলে গাজী হয়ে লড়ব, মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব।’
হাদির দৃষ্টিতে ইনসাফ ছিল সর্বজনীন ও নিরপেক্ষ। তিনি বলতেন, ‘আমি শত্রুর সাথেও ইনসাফ করতে চাই।’ তার অন্তরে ইনসাফ ও সাম্যের গভীরতা প্রতিফলিত হয় একটি ঘটনায়: যখন তার নির্বাচনী এলাকায় জুলাই অভ্যুত্থানের এক আলোচিত রিকশাচালকের প্রার্থী হওয়ার গুঞ্জন ওঠে, তখন হাদির মন্তব্য ছিল—‘আমি খুবই সম্মানিত বোধ করছি, একজন রিকশাচালকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব ভেবে।’
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদিন ইনসাফের চাষাবাদ করবেন, এই ছিল উসমান হাদির আমৃত্যু লালিত স্বপ্ন।
উম্মাহপ্রেমী হাদি
হাদির চিন্তা ও সংবেদনার পরিধি শুধু জাতীয় সীমানায় আবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন গভীর উম্মাহপ্রেমী তরুণ। বাংলাদেশের মানুষের সার্বিক মুক্তির পাশাপাশি তার চিন্তাজগৎ বিস্তৃত ছিল বিশ্বব্যাপী নিপীড়িত মুসলিম উম্মাহর মুক্তি ও মর্যাদা পুনরুদ্ধারের সংকল্পে। বিশেষত ফিলিস্তিনের মজলুম মানুষের দীর্ঘ দুঃখ-বেদনা, অবিরাম সংগ্রাম ও অধিকারের জন্য ক্রন্দন তার সাহিত্যকর্ম ও চেতনার গভীরে অনুরণিত হতো। ফিলিস্তিনের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা ও নিপীড়নের তীব্র প্রতিক্রিয়ায় রচিত তার কবিতা শুধু শব্দের সন্নিবেশ নয়, ছিল একটি যন্ত্রণাদগ্ধ হৃদয়েরই সাহিত্যিক প্রকাশ। তার কবিতার চরণে সেই বেদনা ধ্বনিত হয়েছে এভাবে—
এরপর? সত্তর বছর ধরে
তাফালের তুষ হলো প্রাচ্য
লাভায় লালশাক হয়ে গেল পুবের আকাশ
জেরুসালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর!
সভ্যতার এ শ্বেত শতাব্দীতে
গাজায় বারুদ নাচে উদ্দাম বিমানে
সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোশিমা
চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ
মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্নভিন্ন মাথা
রক্তের ফিনকিতে ছিঁড়ে যায় আজরাইলের খাতা!
এই পঙক্তিমালায় শুধু ফিলিস্তিনেরই নয়, বিশ্বজুড়ে নির্যাতিত সকল মানুষের জন্য তার সহমর্মিতা ফুটে উঠেছে। তিনি বিশ্বাস করতেন, একজন মুসলমানের দায়িত্ব শুধু স্থানীয় নয়, বৈশ্বিক। তার এই বিশ্বাস তাকে আন্তর্জাতিক বিষয়েও সোচ্চার করে তুলেছিল।
হাদির স্বপ্নের রাষ্ট্র
হাদির রাষ্ট্রচিন্তার কেন্দ্রে ছিল একটি ন্যায়ভিত্তিক সামাজিক ব্যবস্থার আদর্শ, যার ভিত্তি হবে ইসলামী নৈতিকতা, যেখানে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা সমানভাবে সংরক্ষিত হবে। তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, যেখানে আইনের শাসন ও নৈতিকতার চেতনা পরস্পরকে পুষ্ট করবে।
এই বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নই তাকে জুলাই গণঅভ্যুত্থানের মাঠে নামিয়েছিল এবং একই চেতনা থেকে তিনি গড়ে তুলেছিলেন ‘ইনকিলাব মঞ্চ’। সংসদে সরাসরি প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষাও তার ছিল এই ইসলামী মূল্যবোধে উজ্জীবিত, শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাষ্ট্র-কাঠামো গড়ে তোলার অভিপ্রায় থেকেই।
তিনি একটি স্বাধীন, প্রকৃত সার্বভৌম ও আত্মমর্যাদাশীল বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যা আঞ্চলিক বা বৈশ্বিক কোনো করদরাজ্যে পরিণত হবে না। গত দেড় দশকের স্বৈরাচারী শাসনকে তিনি দেখতেন দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে প্রতিবেশী একটি বৃহৎ শক্তির অনুকূলে বাংলাদেশকে ঠেলে দেওয়ার চক্রান্ত হিসেবে। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির আত্মরক্ষার সামর্থ্য ও সামরিক শক্তি তার সার্বভৌমত্বের চাবিকাঠি। এই বিশ্বাস থেকেই তিনি বলেছেন, ‘সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ।’
তার দৃষ্টিতে জন্মভূমির মর্যাদা রক্ষা চূড়ান্ত কর্তব্য। অন্যায় দখল কিংবা আগ্রাসনের মুখে তিনি কখনো আপসের পথে হাঁটতেন না। তার জ্বালাময়ী ঘোষণার মাধ্যমে সেই সংকল্পই ধ্বনিত হয়েছিল: ‘জন্মভূমিকে আমরা আর জাহান্নাম হতে দেব না। যদি দখল আসে, যুদ্ধ হবে আবার’! এই উক্তি কেবল যুদ্ধের ডাক নয়, বরং একটি জাতির স্বাধীন অস্তিত্ব ও স্বাধীন ইচ্ছাশক্তিকে চরম মূল্য দিয়ে রক্ষার অঙ্গীকার।
মুজাহিদ ও বুদ্ধিজীবীর সমন্বয়
হাদির ব্যক্তিত্বে সমন্বয় ঘটেছিল একজন প্রখর বুদ্ধিজীবী ও একনিষ্ঠ মর্দে মুজাহিদের। টেলিভিশনের টকশো, বিতর্ক মঞ্চ কিংবা লেখনীর মাধ্যমেও তিনি ছিলেন যুক্তি ও বিশ্লেষণের ধারক; আবার সেই মানুষটিই ছিলেন আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত এক যোদ্ধা। তার মধ্যে চিন্তা ও সংগ্রাম, বিশ্লেষণ ও আত্মোৎসর্গ এক সূত্রে গাঁথা ছিল।
তার লেখা ও বক্তব্যে বারবার ফুটে উঠত নশ্বর দেহের চেয়ে অবিনশ্বর লক্ষ্যের প্রতি এক গভীর নিবেদন। তার দর্শনে, সত্যের পথে জীবন দেয়া ছিল পরাজয় নয়; বরং তা ছিল চূড়ান্ত বিজয়েরই এক অঙ্গ। শাহাদাতের এই তামান্না ছিল মূলত আল্লাহর রাহে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার এক আধ্যাত্মিক তাড়না।
হাদির কাছে মৃত্যু ছিল এক নব জীবনের সূচনা। তিনি প্রায়ই প্রকাশ্যে শাহাদাতের আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন। তার বিবেচনায় ইসলামপন্থা ছিল এমন এক জীবনাদর্শ, যার জন্য মানুষ আনন্দচিত্তে নিজের রক্তদান করতে পারে। জুলাইয়ের সেই রণক্ষেত্রে তার চূড়ান্ত আত্মত্যাগ প্রমাণ করে দিয়েছে, তিনি যা বিশ্বাস করতেন, তার জন্য প্রাণ দিতেও তিনি বিন্দুমাত্র দ্বিধান্বিত ছিলেন না।
তিনি বলতেন, ‘সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছুতে চাই যে, আমি নূন্যতম একটা জীবন লিড করতে পারলাম। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছুতে পেরেছি’।
তিনি আরও বলেছেন, ‘বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে গ্লোরির মৃত্যু’।
‘আমি ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি—একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে হয়ত আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে হাসতে হাসতে আমি শহীদ হয়ে গিয়েছি’!
তার অমোঘ ঘোষণা ‘জান দেব, জুলাই দেব না’—জীবন দিয়ে তিনি এমনভাবে রক্ষা করেছেন, যা আমাদের কল্পনাকেও অতিক্রম করেছিল। জীবন দিয়েও যে কেউ প্রতিশ্রুতি রক্ষা করে, হাদি তার বাস্তব উদাহরণ।
হাদির উত্তরাধিকার
শহীদ শরিফ ওসমান হাদির চিন্তাধারা কোনো ধূসর পাণ্ডুলিপি নয়, বরং তা আগামী দিনের বাংলাদেশ ও প্রজন্ম থেকে প্রজন্মান্তরের জন্য একটি জীবন্ত ও প্রায়োগিক রোডম্যাপ। ইনসাফের অদম্য সাধনা, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং আত্মিক পরিশুদ্ধির যে অনন্য সমন্বয় তিনি নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন, তার অনুসরণই পারে একটি ন্যায়ভিত্তিক, স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সমাজ বিনির্মাণ করতে।
তার স্বপ্ন শুধু একটি নির্বাচনী এলাকা বা একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মানুষের মনের গভীরে ইনসাফের বীজ বপন করা ছিল তার চূড়ান্ত লক্ষ্য। যেমনটি তিনি নিজেই বলেছিলেন, ‘আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত থাকে’। এই উক্তি শুধু একজন পিতার আবেগ নয়; এটি একটি জাতির বিবেকের প্রতি ন্যস্ত দায়িত্ব অর্পণ। একইভাবে, ‘আমি মরে গেলে আমার বাচ্চাটারে দেইখা রাইখেন। আমাকে মেরে ফেললেও সমস্যা নাই, শুধু হত্যাকারীর বিচারটা আপনারা কইরেন’—এই কথাগুলোর মাধ্যমে তিনি যে শুধু নিজের জন্য নয়, বরং একটি ন্যায়পরায়ণ ও জবাবদিহিমূলক ব্যবস্থার প্রত্যাশায় ছিলেন, তা সুস্পষ্ট।
হাদির জীবন ও আত্মত্যাগ আমাদের কাছে এই শিক্ষাই পৌঁছে দেয়, সত্যের লড়াই একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। প্রতিটি প্রজন্মকে এই লড়াই চালিয়ে যেতে হবে। শহীদ হাদি শুধু একটি অতীত নন; তিনি ভবিষ্যতের দিশারী, যার আদর্শ ও সংগ্রাম চিরন্তন প্রেরণার উৎস হয়ে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ।