আধুনিক কবিতার ইতিহাসে মার্কিন কবি রবার্ট ফ্রস্ট (১৮৭৪-১৯৬৩) এমন এক বিরল শিল্পী, যিনি আপাত সরলতার আড়ালে লুকিয়ে রাখেন জীবনের জটিল-বহুস্তরী সত্য ও সম্পর্ককে। নিউ ইংল্যান্ডের রুক্ষ ও শ্রমনিষ্ঠ যাপিত জীবনের প্রেক্ষাপটে তিনি যে কাব্যবিশ্ব নির্মাণ করেছেন, সেখানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং মানুষের অস্তিত্বের এক নিস্পৃহ সাক্ষী। ফ্রস্টের কবিতা আমাদের সামনে এক ‘ডার্ক প্যারেবল’ বা অন্ধকার রূপকের মতো আবির্ভূত হয়, যেখানে কথোপকথন রূপান্তরিত হয় দর্শনে, আর প্রাত্যহিক শ্রম হয়ে ওঠে, হাইডেগার কথিত ontological disclosure—এর কাব্যিক আখ্যান। ফ্রস্টের কবিতার সেই শ্রমের অভিজ্ঞতা, সম্পর্কের মনস্তত্ত্ব এবং শব্দের আড়ালে লুকিয়ে থাকা প্রজ্ঞার স্বরূপটি এই প্রবন্ধে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। রবার্ট ফ্রস্টের ব্যবহৃত উপমা ও রূপকগুলো কীভাবে দেশকাল ছাপিয়ে বিশ্বজনীন মানবিক সংকট ও সম্ভাবনার সংকেত হয়ে ওঠে, কয়েকটি কবিতার ব্যবচ্ছেদের মধ্য দিয়ে তারই এক পর্যালোচনা এ রচনায় উপস্থাপনের চেষ্টা করেছি।
১.
মার্কিন কবি রবার্ট ফ্রস্ট (১৮৭৪-১৯৬৩) যেমন স্বচ্ছন্দে লিখতে পারেন দীর্ঘ ন্যারেটিভ কবিতা, তেমনি তিনি অনায়াস ও স্বতঃস্ফূর্ত ছোট পরিসরের লিরিকধর্মী কবিতা রচনায়ও। তিনি যেমন হতে পারেন আবেগে টলোমলো, তেমনি আবার হতে পারেন নিঃস্পৃহ ও নিরাসক্ত, রচনা করতে পারেন নিজের সাথে দ্রষ্টব্য ঘটনার নিরাবেগ দূরত্ব। মাঝে মাঝে তাঁর কবিতায় ঝলকে উঠে বাকসংযমের অপূর্ব নমুনা। “Out, Out” কবিতায় যে ছোট্ট ছেলেটি করাতকল দিয়ে কাঠ কাটতে যেয়ে করাতের উপর হাত পড়ে হাতটুকু ছিন্ন হয়ে রক্তপাতে মারা যায়, তার মৃত্যু দৃশ্যকে মাত্র তিন শব্দের পরম সংক্ষিপ্ত অভিব্যক্তিতে ফ্রস্ট বর্ণনা করেন : “Little–less–Nothing”। মৃত্যুপথযাত্রী ছেলেটিকে ঘিরে থাকা দর্শকেরা শুনতে পায় নিঃশেষিত হচ্ছে বালকটির জীবনপ্রদ্বীপ, কমে আসছে হৃৎপিণ্ডের শব্দ : সামান্য—সামান্যতর—অতঃপর নৈঃশব্দ। তারপর সবাই ফিরে যায় যার যার কাজে, যেন কারো মৃত্যু নিয়ে দীর্ঘসময় শোক করবার বিলাসিতার সময় তাদের নেই। জীবন ও জীবিকার টানাপোড়েন তাদেরকে প্রায়শই উপভোগ করবার সুযোগ দেয়না প্রকৃতির রূপ ও বিভা। এক আশ্চর্য নিরাসক্ত ভঙ্গিতে তিনি নিউ ইংল্যান্ডের মানুষের যাপিত জীবনে শ্রমশীলতা, জীবিকার অনিশ্চয়তা ও বেঁচে থাকার নির্মম আকুতি চিত্রিত করেন। জীবনের উপরিতলকে খুঁড়ে খুঁড়ে তিনি এমন সব উপলব্ধি তুলে আনেন যা একই সাথে সহজ ও গভীর, অন্তরঙ্গ ও অপরিচিত। তিনি জীবনকে কবিতা ক’রে তুলেন; কথোপকথনকে ক’রে তুলেন সংরক্ত দর্শন, মানুষী অনুভবের স্বতন্ত্র ও সুক্ষ বিনুনি। লায়োনেল ট্রিলিং ফ্রস্টকে বলেছিলেন “টেরিফাইং পোয়েট”, আর তাঁর কবিতাকে বলেছিলেন “ডার্ক প্যারেবল অব হিউম্যান কন্ডিশন”। সমালোচকগণ ফ্রস্টের আপাত সারল্যের ভেতরে দেখেছেন “ক্যালকুলেটেড ভেগনেস” বা হিসেবি অস্পষ্টতা!
রবার্ট ফ্রস্টের একটি বহুল উদ্ধৃত কবিতা “মেন্ডিং ওয়াল”। কবিতাটির শুরু কথকের ঘোষণা দিয়ে: “something there is that does not love a wall” আর সমাপ্তি “Good fences make good neighbors” ঘোষণায়। ফ্রস্টের সব কবিতাতেই থাকে কোন না কোন প্রজ্ঞাবাক্য, আর থাকে আলাপচারিতা। আলাপে আলাপে উন্মোচিত হয় মত, ভিন্নমত আর ঐকমত্যের আপাত অদৃশ্য কিছু পরিসর। ফ্রস্টের উল্লেখ করা দুটো বিপরীত ভাবনা বা মতের উভয়টিতেই থাকে কিছু সত্য, ও কিছু সীমাবদ্ধতা। তাঁর একটা বৈশিষ্ট হচ্ছে, তিনি তার কাব্যের কথককে অনেকসময়ই আইরনিকালি উপস্থাপন করেন, কথকই তাঁর ‘স্পোকসম্যান’ বা মুখপাত্র নয় সদা-সর্বদা।
২০১৬ সালের নভেম্বরের দিকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি নিয়ে একটি মন্তব্য মনে পড়ছে। একজন এমন মন্তব্য করেছিল : “দেয়ালের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলেছে। ঠিক দেয়াল (ওয়াল) নয়, এখন তিনি বেড়া (ফেন্স) নির্মাণের কথা বলছেন।” ফ্রস্টের “মেন্ডিং ওয়াল” কবিতাটির ভরকেন্দ্রও যেন “ওয়াল” ও “ফেন্স” এর পার্থক্যের উপরে দাঁড়ানো। কবিতার তরুণ কথক চান সমস্ত দেয়াল ভেঙ্গে দিতে; কারণ প্রকৃতি দেয়াল পছন্দ করে না (something there is that does not love a wall)। দেয়াল ক্ষয়ে যায় রোদে-বৃষ্টিতে; মাটির ঢিবিও সমান হয় জলে-হাওয়ায়। অন্যদিকে, কবিতার কথকের প্রতিবেশী ঐতিহ্যপন্থি, তথাকথিত রক্ষণশীল। বয়স্ক চাষী তার পুর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পদের মালিকানার ধারণায় অটল আস্থা রাখেন, তার কাছে সীমানা চিহ্নিতকরণ ও মালিকানা নির্ধারণ গুরুত্বপুর্ণ।
জল ও জমির মালিকানার প্রশ্ন, অবশ্য, ভিন্ন নান্দনিক কোণ থেকেও ফ্রস্ট তোলেন “stopping by woods on a snowy evening” কবিতায়। কবিতাটির প্রথম লাইনেই তিনি স্বত্বের প্রসঙ্গ তোলেন: “Whose woods these are I think I know”। এই প্রশ্নের অগোচরে লুকিয়ে থাকে আরেকটি প্রশ্ন। এই বনের প্রকৃত মালিক কে? যিনি এর ভুমির মালিক কিন্তু এই বনাঞ্চল থেকে থাকেন দূরের কোন গ্রামে, যিনি বনের রূপ উপভোগ করতে জানেন না, তিনি? নাকি বনের ও পারিপার্শ্বিক প্রতিবেশের মান্দ্র সৌন্দর্যে বিহ্বল যিনি, তিনি? যা হোক, “Mending Wall” কবিতার বয়স্ক প্রতিবেশী দেয়াল দেখেন না কোথাও; ‘দেয়াল’কে তিনি বলেন ‘ফেন্স’ বা বেড়া। বেড়া বেয়ে উঠা যায় সহজেই, ওই পারও দেখা যায় অনায়াসেই। তাঁর মতে, “Good Fences make good neighbours”। প্রতি বছর দেয়াল মেরামতের সুত্র ধরেই দেখা হবে দুই প্রতিবেশীর, কথা হবে, চলা হবে। কবিতাটির একটি মজার মুহূর্ত হচ্ছে, যে-কথক দেয়াল তৈরির বিরুদ্ধে সে-ই দেয়াল মেরামতের জন্য ডেকে আনে তার প্রতিবেশীকে, দুজনে হাঁটে, হাত লাগায় সংস্কার কাজে। এভাবে ‘যোগাযোগ’-এর এক মুহূর্ত তৈরি হয়। ভিন্ন পক্ষের দুটি মানুষের চিন্তা ও আচরণে একে-অপরের জন্যে যেন ঐকমত্যের এক গোপন পরিসর রেখে দেওয়া আছে যা আমরা হয়তো বুঝি, কিন্তু ওই দুজন বোঝে না। অথবা, বোঝা ও না-বোঝার মাঝামাঝি থেকেই সরবে বা নীরবে চলতে থাকে সম্পর্কের পারস্পরিকতা। ওয়াল আর ফেন্সের পার্থক্য ট্রাম্প হয়তো নিয়ে থাকবেন তারই দেশের মহান কবি রবার্ট ফ্রস্টের কাছ থেকে। তো, এতো হলো ব্যক্তিতে ব্যক্তিতে যোগাযোগের প্রসঙ্গ, জাতিতে জাতিতে বা ভিনদেশের ক্ষেত্রে, অভিবাসী বা অনাবাসীদের ক্ষেত্রে এটির প্রয়োগ কীরূপে হইবে? এই প্রশ্নের জবাব ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেন, তা দেখার জন্যে অপেক্ষা করতে হবে আমাদের।
২.
‘বাড়ি ছেড়ে’ আমরা ‘বাসায়’ যাই অথবা ‘বাসা’ ছেড়ে ‘বাড়ি’। ঈদে ও পার্বণে আমরা ‘দেশে’ যাই। বাংলা ভাষার ‘দেশ’ ও ‘বাড়ি’ শব্দগুলো আমাদের ভালো লাগে। এগুলো আসলে যতটা জায়গার নাম তারও বেশি সম্পর্কের সিগনিফায়ার। বলা হয় ‘উই গো হোম’। ইংরেজিতে ‘হোম’ একই সাথে Noun ও Adverb হিসেবে বসে। to Dhaka হলেও ‘টু হোম’ বলা হয় না। হৃদয় যেখানে, হোম সেখানে, বাড়ি সেখানে, দেশ সেখানে। বাড়ির সাথে জড়িয়ে থাকে অর্গানিক স্মৃতি ও কাতরতা। তা স্নিগ্ধ ও পরিব্যাপ্ত। বাসাবাড়ি বলেও শব্দ আছে একটি। বলা হয় ‘বাসাবাড়ি করেছেন কিছু?’। আমাদের হৃদয়ের নানা গোপন অন্বেষণ ধরা থাকে ভাষায়, শব্দের সংকরে, ফ্রয়েড মশাই বলেছেন। ‘বাসা’র একাকিত্ব ঘুচাতে ‘বাড়ি’র সমবেত সম্পর্কের অনুভব যোগ করে বলি : বাসাবাড়ি। রবার্ট ফ্রস্টের ‘ডেথ অব আ হায়ার্ড ম্যান’ নামে একটি কবিতা আছে। কবিতাটি স্বামী ও স্ত্রীর কথোপকথন, তাদের একদার গৃহকর্মী সাইলাসকে নিয়ে। এক অপূর্ব মানবিক মুহূর্ত রচিত হয়েছে কবিতাটিতে। স্বামী ওয়ারেন প্রশ্ন তোলে স্ত্রী মেরি এর “সাইলাস বাড়ি ফিরে এসেছে” বাক্যটির ‘বাড়ি’র অর্থটুকু নিয়ে। ওয়ারেনের কাছে ‘হোম’ হচ্ছে, ফিরে আসা ও আন্তরিকভাবে বরিত হওয়ার পারস্পারিক সম্পর্ক : “Home is the place where, when you have to go there,/They have to take you in.” অন্যদিকে,স্ত্রী মেরির কাছে, বাড়িতে ফিরে আসা সময়, যোগ্যতা ও বরণের সাথে সম্পর্কহীন : “Something you somehow haven’t to deserve.” স্ত্রীর মনে হয়, সাইলাস বাড়িই এসেছে। স্থান রূপান্তরিত হয় সম্পর্কে আর সম্পর্ক রূপান্তরিত হয় স্থানের মেটাফোরে।
সমগ্র জগতই প্রশংসা করে তাকে, যে যোগ্য। ‘হোম’ই একমাত্র জায়গা যেখানে প্রবেশে ও অবস্থানে কোনো বিশেষ যোগ্যতা লাগে না। বাড়িতে দুর্বলই সকলের স্নেহের পাত্র; অযোগ্যই সকলের মায়ার বাধনে বাঁধা। রুগ্ন মেয়েটি যেন মায়ের চোখের মণি। সকল দুয়ার বন্ধ হলেও খোলা থাকে অন্য কোন দুয়ার; সকল প্রদীপ বন্ধ হলেও একটি পিদিম যেনো মিটিমিটি জ্বলে। এমন কেউ থাকে, এমন কেউ আসে, সকলে মুখ ফিরিয়ে নিলেও যে মুখ ফিরিয়ে নেয় না, সকলে দূর দুর করে তাড়িয়ে দিলেও যে দুহাত বাড়িয়ে রাখে। কেউ থাকে, কেউ আছে সবার। সম্পর্কের অযুক্তিটুকু মানবিক। স্বার্থের হিশেবের বাইরেরটুকু আমাদের মনুষ্যত্ব।
৩.
রবার্ট ফ্রস্ট মানুষকে দেখেন তার পার্টিকুলারিটির মধ্যে, মূর্ত-নির্দিষ্টতায়, বিশেষ স্থানিক ও কালিক পরিসরের মধ্যে। আমেরিকার নিউ ইংল্যান্ডের মানুষদের প্রত্যহিক জীবনেতিহাস তাঁর কবিতার বিষয়বস্তু। ফ্রস্টের কবিতায় ইতিহাস যেনো এক শুণ্য জমিন বা টাবুলা রাসা, ফ্রস্ট এতে তৈরি করেন মাইক্রো-হিস্ট্রি বা অনায়ত ইতিহাস। তাঁর কবিতার ভেতরে এক প্রতারক সরলতা আছে, বেশ সচেতনভাবে অর্থের অনির্দিষ্টতা ও অনির্দেশ্যতা তিনি পুরে দেন কবিতার ভেতরে। ফ্রস্টীয় কবিতা আমাদের সামনে একটা কর্ম বা সম্পর্কের বা কোন ‘ঘটনা’র প্রক্রিয়া হাজির করে, গড়ে উঠার মুহূর্তসমূহ হাজির করে; কোন ফিনিসড প্রোডাক্ট বা প্রস্তুত ‘অর্থ’ বা চূড়ান্ত দ্রব্য সরবরাহ করে না৷ তাঁর কবিতা প্রায়শই আমাদেরকে দুটি পক্ষ বা দ্বন্দ্বের মুখোমুখি করে দেয়, কিন্তু কবি নিজে কোন পক্ষ নেন না, বা কোনো পক্ষ আদৌ নিলেন কি-না তা অস্পষ্ট থাকে। পাঠক যেনো তার নিজ পক্ষপাত বা সিদ্ধান্ত নিয়ে নিজেই টেক্সটের অন্যতম রচয়িতা হয়ে উঠেন! ফ্রস্টের ‘দ্য রোড নট টেইকেন’ বা ‘যে পথে হয়নি চলা’ কবিতায় লক্ষ্য করি, একজন পথিক তার সামনে থাকা দুটো পথের মধ্যে বাছাই করে দ্বিতীয় পথটি। প্রথম পথটি, হলুদ হয়ে যাওয়া পথটি, নিয়ে সে ভাবে, কিন্তু প্রায় কোন প্রকার ভাবনা চিন্তা ছাড়াই গ্রহণ করে দ্বিতীয় পথ৷ কারণ ওই পথটি তখনও ঘাসেভরা ও সবুজ৷ সে ভেবেছে, প্রথম পথটিতে সে ফিরে আসবে অন্য কোন দিন, অন্যকোন সময়৷ কবি বলতে থাকেন, বহুকাল পর দীর্ঘশ্বাস ফেলে আমি বলে উঠব, আমি বাছাই করেছিলাম সেই পথ, যে পথে মানুষ কম চলতো; আর, আমার এই বাছাইটিই যা কিছু পার্থক্য হবার, তা রচনা করে দিল৷ আমরা জানি না, তাঁর শ্বাস ফেলাটা হতাশার নাকি স্মৃতিকাতরতার, নাকি কোন ভুলের! আমরা জানতে পারি না, যে পার্থক্যটি রচিত হলো, সেটিকে কবি ইতিবাচক ভাবছেন নাকি নেতিবাচক৷ দুটি পথ কি আক্ষরিক অর্থেই পথ, নাকি পথদুটির আছে প্রতীকী ব্যঞ্জনা। কেউ হয়তো বুঝে উঠবে, সঠিক বা বেঠিক পথ বলে কিছু নেই, আছে শুধু “বাছাইকৃত পথ”।
৪.
ফ্রস্টের কবিতাকে বলা যাবে ফেনমেনলোজি অব লেবার বা শ্রমের অভিজ্ঞতা ও হাজিরার কবিতা। অথবা, তাঁর কবিতাকে বলা যাবে “ফেনোমেনোলোজি অব এভরিডেই লাইফ”। প্রাত্যহিক শ্রমের মধ্য দিয়ে মানুষ গড়ে তোলে প্রকৃতি, পৃথিবী ও নিজের সাথে সংযুক্ততা। কবিতাও ফ্রস্টের কাছে শ্রমনিবিড় এক কাজই। আবার, কায়িক শ্রমও তার কাছে এক কাব্যিক ক্রিয়া। আমরা জানি, শেষ জীবনে বিশাল ফার্ম কিনে তিনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন৷ ফ্রস্ট ও তার বন্ধু এডোয়ার্ড টমসন লেখা, শিক্ষকতা ও কৃষিকাজ করে বাকী জীবন কাটাতে চেয়েছিলেন৷ তিনি তার বেড়ে ওঠার ভূমিকে, পরিবেশকে, স্থানীয় মানুষের জীবন ও জীবিকাকে কবিতা করে তুলেছিলেন।
“ল্যান্ড এন্ড লেবার” তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ। আমেরিকার ৩৫ তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির অভিষেক অনুষ্ঠানে রবার্ট ফ্রস্ট পড়েছিলেন তাঁর বিখ্যাত কবিতা “The Gift outright”। ফ্রস্ট প্রথম কয়েক লাইনে লিখেছিলেন: ভূমিটি আমাদের ছিল, আমরা ভূমিটির হওয়ার আগে / আমরা তার মানুষ হওয়ার আগে, শতবর্ষ ধরে সে ছিল আমাদেরই জমিন।/ সে আমাদের ছিল ম্যাসাচুসেটসে, ভার্জিনিয়াতে/শুধু আমরা ছিলাম ইংল্যান্ডের, নিথর উপনিবেশিত জনতা। দেশাত্মবোধ, ভূমি ও মানুষের সম্পর্ক বিষয়ে একটা উল্লেখযোগ্য কবিতা এটি।
ফ্রস্টের কবিতায় প্রায়শই শ্রমিকের ব্যবহার্য টুল বা যন্ত্রপাতির স্বাধীন বস্তুগত অস্তিত্ব দেখানো হয়। এই যন্ত্রাদি শুধু শ্রমের সহায়ক নয়, বা নয় কর্মীর সত্ত্বার সম্প্রসারণ। এই টুলসগুলো প্রায়শই নিজ অস্তিত্বময়তার জানান দেয়। ফ্রস্টের বস্তুরাজি কোন আদর্শায়িত কিছু নয় বা কাল্পনিক কিছুও নয়; তারা মানুষের কার্যে ব্যবহৃত উপকরণ অথবা কোন কর্মপ্রক্রিয়ার উৎপাদ। Mowing কবিতাটি একজন কৃষক/শ্রমিকের মনোলগ, যে লম্বা কাঁচি দিয়ে ঘাস কাটে। কাঁচিটি ফিসফিসিয়ে কথা ব’লে উঠে ভূমির সাথে। সূর্যের উত্তাপের কথা বলে সে, নাকি নৈঃশব্দের কথা বলে?! কি কথা বলে, জানা নাই। কিন্তু বুঝতে পারি, এই কাঁচিটি শ্রমিকের সাথে জগতের মধ্যস্থতা করে। কাঁচিটিকে ঘিরে কবি ঘাস কাটার শ্রমের মধ্য দিয়ে এক নতুন বাস্তবতা বা ফ্যাক্ট তৈরি করেন। বাস্তবতা এমন এক মিষ্টি স্বপ্ন যা শ্রমশীলতাই জানে শুধু : Fact is the sweetest dream that labour knows. ফ্যাক্ট বা বাস্তব আমাদের শ্রমশীলতায় তৈরি হয়।
“Out, out” কবিতার করাত কলটিও যেন ক্ষুধার্ত হয়ে উঠে যখন কর্মরত বালকটিকে তার বোন রাতের খাবারের কথা বলে। করাতকলটিও যেন নিমিষেই নিজের খাবারের প্রয়োজনীয়তা অনুভব ক’রে ঝাপিয়ে পড়ে বালকটির হাতের উপর। After Apple picking কবিতায় এক ল্যাডার বা মইয়ের কথা আছে যা দিয়ে গাছ বেয়ে আপেল বা ফল পাড়া হয়, কিন্তু আপেল তোলার পর তা শুণ্য পড়ে রয়। এই ল্যাডার মাটির নিম্নতল ছুঁয়ে থাকে, আর গাছে গা লেপ্টে মুখ করে থাকে আকাশের দিকে। Home Burial কবিতায় আমরা দেখতে পাই এক কোদাল, যেটার প্রবল ও পুনঃপুন আঘাতে পিতা কবর খুড়েছিল তাঁর মৃত শিশুসন্তানটির। আবার, “বার্চ-সুইংগিং” কবিতায় বার্চ গাছই হয়ে উঠে স্বপ্নের দিকে যাওয়া আর বাস্তবে ফিরে আসার মাধ্যম। Stopping by Woods on a snowy Evening কবিতায় সওয়ারীর ঘোড়াটাও এক স্বয়ম্ভু অস্তিত্বের অধিকারী! সে ঘোড়সওয়ারকে গলার ঘণ্টা বাজিয়ে জানিয়ে দেয় যে, কোন অজায়গায় তাকে থামানো হলো না তো! ওয়ালেস স্টিভেন্সের “Poetry is a response to the daily necessity of getting the world right”—এই উক্তিটির সাথে রবার্ট ফ্রস্টও একমত হবেন।
৫.
ফ্রস্ট তার কবিতায় স্থানীয় মানুষের কথোপকথনের সুরকে ধরতে চান। তাঁর “Sound of sense” নামক বিখ্যাত এক কাব্যিক ধারণা আছে। আম মানুষের উচ্চারিত ভাষায় যে বিমূর্ত সঞ্জীবনা (abstract vitality of the speech) থাকে, বিমূর্ত ধ্বনি থাকে, সেটিকে ফ্রস্ট ধরতে চান। টেনিসন বা ব্রাউনিং এর কবিতার চেয়েও মামুলি কথোপকথনের আয়োজনে ফ্রস্টীয় কবিতা অন্তত এক ধাপ আগানো। ফ্রস্ট তাঁর এক চিঠিতে লিখেছিলেন : কোন কবিতাকে বিচার করবার সবচেয়ে সেরা পরীক্ষাটি হচ্ছে, বাক্যের আওয়াজ—সেনটেন্স সাউন্ডস—এর দিকে কান পেতে থাকা। ফ্রস্ট সর্বদাই কবিতাকে যতটা না পাঠের বিষয় মনে করেছেন তার চেয়ে অনেক বেশি মনে করেছেন শোনার বিষয়। ছন্দ ছাড়া কবিতাকে তিনি নেট ছাড়া টেনিস খেলার মতো নৈরাজ্য মনে করতেন। ফ্রস্ট মুক্তভাবে ব্যবহার করতেন ব্ল্যাংক ভার্স বা আয়াম্বিক পেন্টামিটারের রীতিনিষ্ঠ বা শিথিল রূপ। তাঁর নিজের কবিতার ভেতরে তিনি সর্বদাই মানবীয় উচ্চারণের অন্তর্লীন সুর ও নির্যাস ব্যবহারে সচেষ্ট থেকেছেন৷
বস্তুমগ্নতা, নীরিশ্বরবাদিতা বা অধ্যাত্মচেতনাহীনতা, প্রকৃতির প্রতি অরোমান্টিক দৃষ্টিভঙ্গি, সত্যের শর্তসাপেক্ষতা বা নির্মিতির ধারণা ফ্রস্টীয় আধুনিকতার বৈশিষ্ট। তাঁর কবিতার বহুস্তর ও অর্থগত সমৃদ্ধি ও ব্যাপকতা এবং অনেকার্থের সম্ভাবনা ফ্রস্টকে উত্তরাধুনিক পাঠশাস্ত্রের একটা মোক্ষম বিষয়েও রূপান্তরিত করেছে। রবার্ট ফ্রস্টের জীবন তাঁর কাব্যের সুর ও মেজাজ সম্পর্কে গভীরতর ধারণা দিতে পারে। রবার্ট ফ্রস্ট আমেরিকা থেকে ইংল্যান্ড গিয়েছেন, প্রকাশ করেছেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ “আ বয়েস উইল”, আবার ফিরেও এসেছেন আমেরিকায় এবং প্রকাশ করেছেন “নর্থ অব বোস্টন” সহ আরও কয়েকটি কাব্যগ্রন্থ। শৈশবে পিতাকে হারিয়েছেন, তার নিজ সন্তান ও নিজের মাতাকে হারিয়েছেন একই বছর। তাদের পরিবারের মানুষদের মধ্যে টিবি রোগ ও আত্মহত্যার প্রবণতাও ছিল। ফ্রস্টের জীবনী নিয়ে লরেন্স টম্পসন লিখিত তিন ভলিউমের বইটি ব্যক্তি ফ্রস্টের যে বাহ্যিক ও অন্তরগত জীবন উপস্থাপন করে, তা আমাদের বুঝিয়ে দেয় ফ্রস্টের কবিতার ভেতরকার অর্থগত অনিশ্চয়তা ও অস্থিরতার নিহিত কারণ। কবিতা পাঠের রুপান্তরমূলক অভিজ্ঞতার কথা বলতে যেয়ে ফ্রস্ট বলেছিলেন, কবিতা শুরু হয় আনন্দে আর শেষ হয় প্রজ্ঞায়। ফ্রস্টের কবিতার নাটকীয়তা, চরিত্রগুলোর ভেতরকার বহুস্তরী মনস্তত্ত্ব, পারিবারিক জীবনের সূক্ষাতিসূক্ষ অনুভবমালার চিত্রায়ণ আমাদেরকে ‘আনন্দ’ দেয়, এবং পরিশেষে দেয় মানবীয় পরিস্থিতির বিচিত্রতা সম্পর্কে ‘প্রজ্ঞা’।
৬.
পরিশেষে বলা যায়, রবার্ট ফ্রস্ট এমন এক কবি যিনি প্রাত্যহিক জীবনকে কেবল বর্ণনা করেন না; বরং সেই জীবনের ভেতর থেকেই মানব অস্তিত্বের গভীরতম প্রশ্নগুলো উন্মোচন করেন। নিউ ইংল্যান্ডের গ্রামীণ পরিসর, শ্রমের অভিজ্ঞতা, মানুষের পারস্পরিক সম্পর্ক কিংবা প্রকৃতির নীরব উপস্থিতি—এসবের মধ্যেই তিনি খুঁজে পান মানবজীবনের দ্বন্দ্ব, অনিশ্চয়তা এবং সম্ভাবনার রূপ। তাঁর কবিতায় চূড়ান্ত কোনো ব্যাখ্যা নেই; আছে পরিস্থিতি, সম্পর্ক ও সিদ্ধান্তের মুহূর্ত, যা পাঠককে নিজস্ব অর্থ নির্মাণের দিকে আহ্বান জানায়। তাই ফ্রস্টের কবিতা একই সঙ্গে সরল ও জটিল—এতে যেমন আছে কথোপকথনের স্বাভাবিক সুর, তেমনি আছে গভীর দার্শনিক অনুরণন। আনন্দ থেকে প্রজ্ঞায় পৌঁছানোর যে কাব্যিক যাত্রার কথা ফ্রস্ট নিজেই বলেছিলেন, তাঁর কবিতার পাঠও শেষ পর্যন্ত সেই পথেই আমাদের নিয়ে যায়—মানুষের দৈনন্দিন জীবনকে নতুন চোখে দেখার এক গভীর ও চিন্তাশীল অভিজ্ঞতার দিকে।