মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। সরু গলি, ঠাসাঠাসি ঘর, রোজকার জীবনযুদ্ধ। বাজারের হাঁকডাক, ছোট ছোট ঘরের ভেতর গাদাগাদি সংসার—এটাই এই ক্যাম্পের নিত্যদিনের ছবি।
কিন্তু মহররম আসলে এই একই ক্যাম্পের রংটা পুরো বদলে যায়। প্রতিটা গলিতে কালো কাপড়ের ছায়া নামে, দেয়ালে দেয়ালে সাঁটা হয় শোকের ব্যানার, বাতাসে ভাসে মাতমের সুর। যে গলিটা গতকালও ছিল স্রেফ যাতায়াতের পথ, আজ সেটাই হয়ে ওঠে এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী।
কারবালার সেই শোক এখানে শুধু একটা ধর্মীয় আচার হয়ে থাকে না, এটা হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আনা একটা পরিচয়, একটা শেকড়ের গল্প।
বাবার হাত ধরে যে শিশুটা প্রথমবার তাজিয়া মিছিলে অংশ নেয়, তার চোখে তখনও পুরোপুরি অর্থ স্পষ্ট হয় না, কিন্তু শরীরের ভাষা আর চারপাশের আবহ তাকে শিখিয়ে দেয় এই দিনটা আলাদা। বড়দের চোখে সেই একই শোক, তবে তাতে মিশে থাকে বছরের পর বছরের স্মৃতি।

